নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুর আদালতে আইনজীবীর উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করল হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ এই ঘটনায় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবিলম্বে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। এই মামলায় আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে আদালতবান্ধব হিসাবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, সায়নের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা তলব করেছে আদালত। বারুইপুর পুলিশ জেলার সুপার এবং জেলা বিচারকের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই রিপোর্ট দেখার পরেই এই পদক্ষেপ করেছে হাইকোর্ট। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’



