জোর করে জমি দখলের মামলা, শান্তনুর সম্পত্তি অ্যাটাচ করল ইডি
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর করে জমি দখলের মামলায় কলকাতা পুলিশের  ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাস, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের নামে থাকা সম্পত্তি অ্যাটাচ করল ইডি। এজেন্সি সূত্রে খবর, স্থাবর এই সম্পত্তির পরিমাণ ২ কোটি ৭৮ লক্ষ টাকা। বৃহস্পতিবার ইডির জারি করা প্রেস রিলিজে বলা হয়েছে, পিএমএলএ আইনে অ্যাটাচ হওয়া এই সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি ফ্ল্যাট ও মুর্শিদাবাদের কান্দির একটি জমি। 

Advertisement

ইডি প্রেস রিলিজে জানিয়েছে, চলতি বছরের ১ , ১৯ ও ২৬ এপ্রিল এবং ২২ মে কলকাতা ও তার আশপাশের একাধিক জায়গায় তল্লাশি চালায় এজেন্সি। শান্তনু’র ঘনিষ্ঠ রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদারের বাড়ি থেকে নগদ ১ কোটি ৬৪ লক্ষ টাকা, সোনার গয়না মেলে। পাশাপাশি শান্তনুবাবু ও কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় লাইসেন্সহীন রিভলভার, বিলাসবহুল গাড়ি, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি। পরে এই তিনজনই গ্রেপ্তার হন। এখনও জেলে রয়েছেন সকলেই। ইডি দাবি করেছে, কালীঘাট থানার ওসি থাকাকালীন জয় কামদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। জয়ের বেআইনি ব্যবসায় মদত দেন শান্তনুবাবু। এর বিনিময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ২.৮৯ কোটি টাকার সম্পত্তি ও আর্থিক সুবিধা পেয়েছিলেন ডিসি পদমর্যাদার প্রাক্তন এই  অফিসার। -ফাইল চিত্র