নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ২০১৭ ও ২০২২ সালের প্রাথমিক টেট অনুত্তীর্ণরা। আগামী ৯ অক্টোবর পূজাবকাশকালীন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা। কয়েকদিন আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজো মিটলেই নিয়োগ শুরু করা হবে বলেও ঘোষণা করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার আবেদন জানিয়েই এই মামলা। মামলাকারীদের দাবি, ২০১৭ ও ২০২২ সালের টেটে মোট ৪৭টি প্রশ্নের উত্তর ভুল নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা এখনও বিচারাধীন। রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়—প্রেসিডেন্সি ও যাদবপুরের বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছিল। গত জুলাই মাসে চার সপ্তাহের মধ্যে সেই কমিটির মতামত রিপোর্ট আকারে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হলেও এখনও সেই রিপোর্ট জমা পড়েনি। ফলে ওই দু-বছরের চাকরিপ্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। অথচ তাঁদের বেশির ভাগই ১-২ নম্বরের জন্য টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ফলে তাঁদের ২০২৫ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক বলে মামলায় দাবি জানিয়েছেন তাঁরা।



