সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট মহকুমায় দুর্ঘটনা কমাতে ও সচেতন করার জন্য সারা বছর তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ড ও পুলিস সচেষ্ট থাকে। গত ছয়মাসে নিয়ম না মেনে গাড়ি চালানোর জন্য ৩৭০০ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই সঙ্গে জরিমানা বাবদ প্রায় ৪০ লক্ষ টাকার উপর আদায় করেছে পুলিস। এত সক্রিয়তা সত্ত্বেও মানুষ সচেতন না হওয়ায় দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না। সেই কারণে আরও বেশি নজরদারি শুরু করেছে পুলিস।
জানা গিয়েছে, তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ড যে মাসিক রিপোর্ট দিয়েছে, তাতে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। সেই তথ্য অনুযায়ী অক্টোবর মাসে নিয়ম না মেনে গাড়ি চালানোর জন্য ৮৩১টি মামলা হয়েছে। এই সব মামলা থেকে সংশ্লিষ্ট মাসে আট লক্ষ নয় হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। একইভাবে নভেম্বর মাসে ৭৪৩টি মামলা হয়েছে। এই সব মামলা থেকে ছয় লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় হয়েছে। ডিসেম্বর মাসে মামলা হয়েছে ৬২৮টি। জরিমানা আদায় হয়েছে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার টাকা। জানুয়ারি মাসে এই মামলা হয়েছে ৬৫৫টি। জরিমানা আদায় হয়েছে ছয় লক্ষ উনিশ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে এই মামলা হয়েছে ৬৮০টি। জরিমানা আদায় হয়েছে ছয় লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা। মার্চে মামলার সংখ্যা অনেক বেড়ে হয়েছে ৮৫৩টি। জরিমানা আদায় হয়েছে আট লক্ষ বাহান্ন হাজার টাকা। গত ছয়মাসে নিয়ম না মেনে গাড়ি চালানোর জন্য এত মামলা ও জরিমানা হলেও মানুষ এখনও সচেতন হয়নি। এখনও মানুষ বাইক চালালে হেলমেট ব্যবহার করে না। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সহ অনেক অনিয়ম করছে। পুলিস এই বিষয়ে আরও নজরদারি শুরু করেছে।