Bartaman Logo
৯ জুন, ২০২৬

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের

ফের বিপাকে পড়লেন অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা।

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের
  • ১৪ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

মুম্বই, ১৪ আগস্ট: ফের বিপাকে পড়লেন অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে জুহু থানা। পরে সেটি মুম্বই পুলিসের অর্থনৈতিক অপরাধ দমন শাখার হাতে স্থানান্তর করা হয়েছে। মুম্বইয়ের ওই ব্যবসায়ীর নাম দীপক কোঠারি। তাঁর কাছ থেকে ব্যবসায়িক কারণে ৬০ কোটি টাকা নেন শিল্পা ও রাজ। ২০১৫-২০২৩-এর মধ্যে ব্যবসা বৃদ্ধির কথা জানিয়ে এই বিপুল পরিমাণ অর্থ ওই ব্যবসায়ীর কাছ থেকে আদায় করেন তারকা দম্পতি। কিন্তু ব্যবসায় বিনিয়োগ না করে, ব্যক্তিগত কাজেই ৬০ কোটি টাকা খরচ করেন তাঁরা। এমনটাই অভিযোগ দীপকবাবুর।

Advertisement

তাঁর দাবি, রাজেশ আর্য নামে এক এজেন্ট তাঁকে রাজ এবং শিল্পার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। একটি অনলাইন রিটেল প্ল্যাটফর্ম ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর ছিলেন রাজ এবং শিল্পা। সেই সময়ে ওই সংস্থাতে শিল্পার বিনিয়োগ ছিল ৮৭.৬ শতাংশ। দীপকবাবুর অভিযোগ, তাঁর কাছ থেকে শিল্পা ও রাজ ৭৫ কোটি টাকা ঋণ চেয়েছিলেন। ১২ শতাংশ হারে সুদ দেওয়ার কথাও বলেছিলেন শিল্পার স্বামী। পরে দীপকবাবুকে শিল্পা ও রাজ প্রস্তাব দেন, এত বড় অঙ্কের টাকার জন্য অতিরিক্ত কর দিতে হতে পারে। তাই তাঁদের ব্যবসায়ে বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যাবে। সেইমতো ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯ কোটি টাকা তিনি শিল্পা ও রাজকে দিয়েছিলেন। এর পরে ধাপে ধাপে ২০২৩ সালের মধ্যে তিনি মোট ৬০.৪৮ কোটি টাকা দিয়েছিলেন তারকা দম্পতিকে। কিন্তু ব্যবসার কাজে সেই অর্থ না লাগিয়ে ব্যক্তিগত কাজেই খরচ করেন।

সেই অভিযোগেই থানায় মামলা দায়ের করেছেন ব্যবসায়ী দীপক কোঠারি। শুধুই শিল্পা ও রাজ নন, রাজেশ আর্য নামের এজেন্টের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ওই ব্যবসায়ী। আপাতত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিসের অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিকরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ