নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুর বাজারের ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার উত্তর কলকাতার নিমতলা ঘাটে। মধ্যরাতে মত্ত চালক ও তাঁর সঙ্গীদের জয়রাইড ভাঙে পুলিশের ‘নো এন্ট্রি’ বিধি। পাঁচজনকে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। সরাসরি ঢুকে যায় নিমতলাঘাট সংলগ্ন একটি দোকানে। ধাক্কায় ভেঙে যায় দোকানের একটি পাঁচিল।
বুধবার রাত দেড়টা নাগাদ ভূতনাথ মন্দিরের পাশে দুর্ঘটনাটি ঘটে। পাঁচজনকে ধাক্কা মারে একটি বিদ্যুৎচালিত গাড়ি। এরপরেই ছেড়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন গাড়িচালকসহ তিনজন। তাঁদের ধরে ফেলেন স্থানীয় লোকজন। তাঁদের দাবি, অত্যধিক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন চালক। উত্তর বন্দর থানায় খবর দেয় স্থানীয় লোকরাই। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রের খবর, আহতদের মধ্যে দুজন শ্মশানযাত্রী ছিলেন। তাঁদের নাম আদিত্য নাখোড়া (২৮) ও আলপনা নাখোড়া (৫২)। আহতরা ডানকুনির বাসিন্দা। সম্পর্কে তারা মা ও ছেলে। বুধবারই তাঁদের এক আত্মীয় প্রাণ হারান। তাঁর শেষকৃত্যের জন্যই নিমতলা শ্মশানে এসেছিলেন তাঁরা। শেষকৃত্যের পর দোকানে বসে চা খাচ্ছিলেন তাঁরা। সেইসময়েই গাড়িটি এসে সরাসরি তাঁদের ধাক্কা মারে। তাঁদের আঘাত গুরুতর। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রের খবর, বাকি তিন আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল। আহতদের একজন হলেন শুভেন্দু বিশ্বাস (৩১)। তিনি নদীয়ার হাঁসখালির বাসিন্দা। তাঁর পায়ে চোট রয়েছে। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালেই ভর্তি রয়েছেন শুভেন্দু। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বাসিন্দা শুভজিৎ মণ্ডল (২১) এবং দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা আদর্শ রাহুলকে (২৭) প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নিমতলাঘাটের পাশে স্ট্র্যান্ড ব্যাংক রোডে উত্তরমুখী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু, এদিন রাতে বৈদ্যুতিক গাড়িটি বিদ্যুৎ বেগে চালাচ্ছিলেন চালক। গাড়িতে তারস্বরে গানও বাজছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে লিট্টির দোকানে ঢুকে যায়।
দোকান মালিক শংকরবাবু বলেন, এই এলাকায় সারারাত লোকজনের যাওয়া-আসা থাকে। তাই দোকান খোলা থাকে রাতভর। দোকানে সেইসময় চারজন ছিলেন। তাঁরা সবাই লিট্টি খাচ্ছিলেন। প্রায় ৫০ বছরের পুরোনো দোকান, এত ভয়াবহ দুর্ঘটনা এখানে কখনও হয়নি। চালকের মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল। এত জোরে দোকানে ধাক্কা মারে যে, আস্ত ১০ ইঞ্চির পাঁচিল ভেঙে পড়ে। সেটিকে সরিয়ে ঘাটের পাশে রেখে দিয়েছে পুলিশ। লালবাজার জানিয়েছে, গাড়িতে চালকসহ তিনজন ছিলেন। প্রত্যেককেই ঘটনাস্থল থেকে আটক করে উত্তর বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। চালককে মদ্যপ অবস্থায় ও বিপজ্জনকভাবে চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।