নয়াদিল্লি: হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। কিন্তু কোন দলে তিনি যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়। একটা সময় শোনা গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপাতে পারেন তারকা অলরাউন্ডার। অজিঙ্কা রাহানে সম্প্রতি অবসর নেওয়ায় হার্দিকের মতো তারকাকে অধিনায়ক হিসাবে পেতে আগ্রহী কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে সেই প্রয়াস ধাক্কা খায় তিনি নিজে থেকে আগ্রহ না দেখানোয়। আসলে তাঁর ইচ্ছা গুজরাত টাইটান্সে ফেরা। ২০২২ সালে হার্দিকের নেতৃত্বেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। কিন্তু পরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার লোভনীয় প্রস্তাবে দলবদল করেন তিনি। তবে মুম্বই দলে রোহিতের জায়গায় হার্দিক ক্যাপ্টেন হওয়ার পরই ড্রেসিং রুমে বিভাজন স্পষ্ট ধরা পড়ে। আর তার প্রভাব পড়ে পারফরম্যান্সে। অধিনায়ক হিসাবে হার্দিকের মুম্বই সফর পুরোপুরি ব্যর্থ। তাই তিনি গুজরাতে ফিরতে আগ্রহী। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে নেতৃত্বের শর্ত। কারণ, শুভমান গিল এখন দলের অধিনায়ক। তিনি ভারতীয় দলেরও ক্যাপ্টেন। তাই হার্দিককে অধিনায়ক করায় আপত্তি রয়েছে গুজরাত টিম ম্যানেজমেন্টের। এদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে হাইপ্রোফাইল দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই মুখের উপর না বলে দেওয়াটা কঠিন। তবে হার্দিক যদি গিলের নেতৃত্বে খেলতে রাজি থাকেন, তাহলে তাঁর গুজরাতে ফেরা শুধু সময়ের অপেক্ষা।



