Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১০ কেজির বেশি ওজনের লাগেজ নিয়ে ওঠা যাবে না বাইক-ট্যাক্সিতে, নির্দিষ্ট করা হল ব্যাগের মাপও, যাত্রী নিরাপত্তায় উদ্যোগ

যত বড় ইচ্ছে লাগেজ নিয়ে আর ওঠা যাবে না বাইক-ট্যাক্সিতে। অ্যাপ নির্ভর এই বাইক পরিষেবায় যাত্রীদের সুরক্ষার পাশাপাশি সার্বিক পথ নিরাপত্তার স্বার্থে যাত্রীদের লাগেজের মাপ এবং ওজনের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার পথে হাঁটল পরিবহণ দপ্তর।

১০ কেজির বেশি ওজনের লাগেজ নিয়ে ওঠা যাবে না বাইক-ট্যাক্সিতে, নির্দিষ্ট করা হল ব্যাগের মাপও, যাত্রী নিরাপত্তায় উদ্যোগ
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: যত বড় ইচ্ছে লাগেজ নিয়ে আর ওঠা যাবে না বাইক-ট্যাক্সিতে। অ্যাপ নির্ভর এই বাইক পরিষেবায় যাত্রীদের সুরক্ষার পাশাপাশি সার্বিক পথ নিরাপত্তার স্বার্থে যাত্রীদের লাগেজের মাপ এবং ওজনের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার পথে হাঁটল পরিবহণ দপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশিকা জারি করে দপ্তর জানিয়েছে, বাইক-ট্যাক্সির একজন যাত্রী সর্বাধিক ১০ কেজি ওজনের ব্যাগ বা লাগেজ সঙ্গে নিতে পারবেন। তাঁরা যে ব্যাগ নিয়ে বাইকে বসবেন, সেটির দৈর্ঘ্য ৩৬ সেন্টিমিটারের বেশি হবে না। কারণ, ব্যাগ অনেকটা লম্বা হলে বাইকের পাশ দিয়ে যাওয়া পথচারী বা অন্য কোনও যানের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা হতে পারে। অনেক সময় আবার যাত্রীরা বসার পর দু’দিকে ব্যাগ ঝুলিয়ে রাখেন। সেক্ষেত্রে ওই ব্যাগগুলির দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার। সেই সঙ্গে সমস্ত বাইক-ট্যাক্সিকে হলুদ নম্বর প্লেট বসাতে হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। সূত্রের খবর, এই নিয়ম মেনে চলা হচ্ছে কি না, নজরদারি চালাবে পুলিস। নিয়ম না মানলে শাস্তির মুখেও পড়তে হতে পারে। 

Advertisement

কিন্তু কেন এই নয়া নিয়মের অবতারণা? অনেক সময় দেখা যায়, অ্যাপের মাধ্যমে বাইক-ট্যাক্সি ডাকার পর ঢাউস সাইজের লাগেজ নিয়ে উঠে পড়ছেন যাত্রীরা। চালক ব্যাগ বা লাগেজের সাইজ নিয়ে আপত্তি জানালেও তখন আর কোনও লাভ হয় না। অগত্যা সেই বড় ব্যাগ নিয়েই গন্তব্যে ছুটে চলে বাইক-ট্যাক্সি। কিন্তু ভারী এবং বড় সাইজের ব্যাগ থাকলে অনেক সময় গতিশীল বাইকের ভারসাম্য ধরে রাখতে সমস্যা হয় চালকের। দু’দিকে ঝুলিয়ে রাখা ব্যাগ খুব বেশি লম্বা-চওড়া হলে রাস্তা বা পাশ দিয়ে যাওয়া গাড়িতে ঘষা খেয়ে যেতে পারে। ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। তাছাড়া, ‘ওভারলোড’ যে কোনও গাড়ির জন্যই সর্বদা বিপজ্জনক। শুধু কলকাতা বা শহরতলি নয়, জেলা শহরেও এখন বাইক-ট্যাক্সির পরিষেবা মেলে। দুর্ঘটনাও ঘটছে আকছার। তাই জেলা শহর এবং অন্যান্য শহরে এই নিয়ম চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য। 
পথ নিরাপত্তা সপ্তাহের আগেভাগেই এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে জেলায় জেলায়। পথ নিরাপত্তা সপ্তাহে নতুন এই নিয়মগুলি মানুষের মধ্যে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উত্তর ২৪ পরগনার পরিবহণ দপ্তরের আধিকারিক প্রদীপ মজুমদার বলেন, ‘সরকারি এই নির্দেশিকা মূলত সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে। আমরা এই নিয়মের যথাযথ বাস্তবায়ন করব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ