নভেম্বরের গোড়াতে প্রার্থী তালিকা ঘোষণা, পুরসভা ভোটের কৌশল স্থির করতে দ্বাদশীতেই বৈঠকে বঙ্গ বিজেপি
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বাদশী থেকেই পুরসভা ভোট নিয়ে ময়দানে নেমে পড়ল বঙ্গ বিজেপি। আজ শুক্রবার সল্টলেক পার্টি অফিসে আসন্ন পুরভোট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে রাজ্যের শাসকদল। সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের গোড়ায় কলকাতা ও হাওড়া পুরসভা ভোটে পদ্ম প্রার্থীদের নাম ঘোষণা হবে। গত সেপ্টেম্বর মাস থেকে সম্ভাব্যদের নাম ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল। প্রতিটি আসনের জন্য তিনটি করে নামের তালিকা তৈরি হয়েছে। কয়েকটি ক্ষেত্রে সেই সংখ্যাটা তার বেশি। মূলত সমাজের সংশ্লিষ্ট ব্যক্তির গ্রহণযোগ্যতা যাচাই করা হবে। পাশাপাশি দুর্নীতি-অপরাধের ইতিহাস খতিয়ে দেখা হবে। প্রায় প্রতি ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি পুরসভা ভোটে সম্ভাব্য প্রার্থীদের বায়োডেটায় বাড়তি নম্বর যুক্ত করবে। সংশ্লিষ্ট জেলা সভাপতিদের মতামত নেওয়া হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) চূড়ান্ত অনুমোদন এক্ষেত্রে একান্ত জরুরি। 

Advertisement

আজ আসন্ন পুরসভা ভোটে হিন্দু ভোট আরও একত্র করার লক্ষ্যে নামছে বঙ্গ বিজেপি। সেই মতো দলের ইস্তাহার ও প্রচারের কৌশল তৈরি হবে। কলকাতা ও হাওড়ায় দুই ক্ষেত্রেই মেয়র পদপ্রার্থীর নাম আগাম ঘোষণা করবে না বিজেপি। কলকাতার মহানাগরিক হওয়ার দৌড়ে রয়েছেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও বিজেপি বিধায়ক। হাওড়ার ক্ষেত্রে একই সমীকরণের ইঙ্গিত মিলছে দলের অন্দরে। সবমিলিয়ে ঠান্ডার আমেজ মেলার আগেই পুরবাসী ভোটের উত্তাপ পেতে শুরু করবেন।