নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: একে রবিবার, তার উপর জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। আদি সপ্তগ্রাম থেকে বন্ধুদের সঙ্গে চন্দননগরে এসে ঠাকুর দেখার প্ল্যান করেছিলেন চিরদীপ দত্ত। কিন্তু বেলা ১১টা নাগাদ স্টেশনে এসে শুনলেন, ১০টার পর থেকে দুপুর অবধি নাকি সব ট্রেন ক্যানসেল। অগত্যা টোটো করে আসতে হল ব্যান্ডেলে। ভেবেছিলেন, অন্তত ব্যান্ডেল হাওড়া ডাউন লোকাল পেয়ে যাবেন। কোথায় কী! ট্রেন ব্যান্ডেল থেকে যখন ছাড়ল, তখন ১২টা ১৫ মিনিট। ট্রেনে তখনই বাদুড়ঝোলা ভিড়। চন্দননগর আসতে আসতে পরিস্থিতি আরও খারাপ। রীতিমত কুস্তি করে কোনোক্রমে যখন তাঁরা চন্দননগরে নামলেন, ততক্ষণে চিরদীপের জামা ছিঁড়ে গিয়েছে।
চিরদীপ একা নয়, রেলের অদ্ভূত সিদ্ধান্তে রবিবার এভাবেই নাকানিচোবানি খেতে হল অগুন্তি মানুষকে। এমনিতে রবিবার মাঝেমধ্যেই লাইনে কাজের জন্য হাওড়া-বর্ধমান মেন লাইনে সকাল থেকে দীর্ঘক্ষণ পাওয়ার ব্লক থাকে। কিন্তু এই রবিবার তা হবে না বলেই আশা করেছিল আম জনতা। একে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী, তার উপর ছটপুজো। ফলে এদিন যে জনপ্লাবন আছড়ে পড়বে চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরে— তা সহজেই অনুমেয়। ফলে রবিবার হলেও ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু তা না করে দীর্ঘক্ষণ পাওয়ার ব্লক রেখে একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে। ছটপুজোকে কেন্দ্র করে হুগলি ও হাওড়ার গঙ্গা লাগোয়া জনপদে প্রশাসন যে পরিকল্পনা করেছে, তার সিকিভাগও করেনি রেল কর্তৃপক্ষ।
ফলে মাঝে মধ্যে একটি ট্রেন এলেই তাতে হুমড়ি খেয়ে পড়ছিলেন সাধারণ যাত্রী থেকে দর্শনার্থীরা। স্টেশনে পুজো উপলক্ষ্যে নিযুক্ত ভলান্টিয়াররাও কার্যত দিশাহারা হয়ে পড়ছিলেন। ট্রেনের ভিতরে দমবন্ধ পরিবেশে অসুস্থ হয়ে পড়ছিলেন অনেকে। হাওড়া যাওয়ার জন্য চন্দননগর থেকে ট্রেনে উঠেছিলেন সৌমিক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘অনেকক্ষণ দাঁড়িয়ে একটা ট্রেন পেলাম। তাতেও চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছি। আমার কামরাতেই দু’জন অসুস্থ হয়ে পড়েছিলেন। আজকের দিনে কেউ এত ট্রেন ক্যানসেল করে? কারও কিছু হয়ে গেলে রেল কর্তৃপক্ষ কি তার দায় নেবে?’
একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যাত্রীমহলে। আপ হোক বা ডাউন, একটু বেলা বাড়লেই সব ট্রেনের এক হাল। কেন উৎসবের মধ্যে ছুটির দিনে এত ট্রেন বাতিল করা হল? এতটা ভিড় যে হবে, তা নিয়ে কি রেল কর্তাদের কোনো আন্দাজ ছিল না? এই একটা সপ্তাহ কি কাজ বন্ধ রাখা যেত না? শনিবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ট্রেন পরিষেবার প্রস্তুতি দেখতে চন্দননগর এসেছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। আর তার পরের দিনই কার্যত নাকানিচোবানি খেতে হল রেল যাত্রীদের। ফলে রেলের প্রস্তুতি কতটা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, জগদ্ধাত্রী পুজোর জন্য অসংখ্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও মসৃণ ও যাত্রীবান্ধব করতে হাওড়া ডিভিশনে গুরুত্বপূর্ণ মেরামতির কাজ হয়েছে। সেকারণে এদিন সকালের দিকে বেশ কিছু ট্রেন বাতিল ছিল। রেলের তরফে যা আগেই প্রচার করা হয়েছিল। শিবরামবাবু আরও বলেন, জরুরি এই কাজ দুর্গাপুজোর সময় করার কথা থাকলেও তখন যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে চন্দননগরমুখী দশনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে দুপুরের পর থেকে এই লাইনে অতিরিক্ত পরিষেবা দেওয়া হয়েছে।



