Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাম বাদ যাওয়া ভোটারদের আইনি সহায়তা প্রদানে ক্যাম্প তৃণমূলের

আইনি সহায়তার ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় আইনজীবীদের ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন।

নাম বাদ যাওয়া ভোটারদের আইনি সহায়তা প্রদানে ক্যাম্প তৃণমূলের
  • ১ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সুব্রত ধর, শিলিগুড়ি: আইনি সহায়তার ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় আইনজীবীদের ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন। সেই মতো মঙ্গলবার ভোটার তালিকা থেকে বাদ যাওয়া বিচারাধীন ভোটারদের আইনি সহায়তা প্রদানে শিলিগুড়ি শহরে ক্যাম্প করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, প্রথমদিন ক্যাম্পে আবেদন করেছেন প্রায় ৬০০ জন। ট্রাইবুনালে আবেদনকারীদের হয়ে বিনামূল্যে লড়াই করা হবে। 

Advertisement

কয়েকদিন আগে উত্তরবঙ্গে ভোট প্রচার করেন তৃণমূল সুপ্রিমো। নকশালবাড়ির জনসভায় নিজস্ব ভঙ্গিমায় ‘অগ্নিকন্যা’ ঘোষণা করেছিলেন, এসআইআর ইস্যুতে আন্দোলন চলবেই। ভোটার তালিকা থেকে বাদ পড়া বিচারাধীন ভোটারদের আইনি সহায়তা করা হবে। তিনি এজন্য দলের নেতা-কর্মীদের ক্যাম্প করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল) শিলিগুড়ি শহরের সফদর হাসমি চকে ক্যাম্প করে। চারটি টেবিল পেতে দলের আইনজীবী সেলের সদস্যরা বসেন। তাঁরা বাদ যাওয়া ভোটারদের কাছ থেকে নথি জোগাড় করেন। 
তৃণমূল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০টা নাগান ক্যাম্পের সূচনা হয়। বিকেল  ৫টা পর্যন্ত তা চলে। তাতে আবেদন করেছেন প্রায় ৬০০ জন। শহরের ডাঙিপাড়া, দ্বারভাঙাটোলা, ডিজেলকলোনি, মহাকালপল্লি, পাতিকলোনি, দেশবন্ধুপাড়া, সুভাষপল্লি, হাকিমপাড়া সহ বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি। এই তালিকায় স্কুল শিক্ষক, কলেজের কর্মী, বিএলও, অবসরপ্রাপ্ত সেনাকর্মী, চা শ্রমিক, ব্যবসায়ী প্রমুখ রয়েছেন। তাঁদের কাছ থেকে ইনিউমারেশন ফর্ম, শুনানির নোটিস, পুরনো ভোটার তালিকায় থাকা নামের কপি, জন্মের সার্টিফিকেট, জমির নথি, আধারকার্ড প্রভৃতি নেওয়া হয়েছে। 
তৃণমূলের দার্জিলিং জেলা আইনজীবী সেলের আহ্বায়ক সুস্মিতা বসু মৈত্র বলেন, নেত্রীর নির্দেশে এই ক্যাম্প করে প্রথমদিনই ব্যাপক সাড়া পেয়েছি। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৬০০ জন আইনি সহায়তার জন্য আবেদন করেছেন। 
আজ, বুধবার থেকে সংশ্লিষ্ট ক্যাম্প বসবে দলের জেলা কার্যালয়ে। এজন্য দলীয় কার্যালরে চারতলায় একটি রুম সাজিয়ে তোলা হয়েছে। দলীয় সূত্রে খবর, সেখানে পাঁচটি কম্পিউটার, ল্যাপটপ বসানো হয়েছে। সেগুলি নিয়ন্ত্রণ করবেন দলের আইটি সেলের কর্মীরা। এজন্য ১০ জন কর্মী নিয়ে একটি টিম গড়া হয়েছে। এরবাইরে দলের আইনজীবী সেলের ৫০ জনকে নিয়ে একটি টিম গড়া হয়েছে। টিমের সদস্যরা পালা করে সেখানে বসবেন। সমগ্র কাজ তদারকি করবেন আইনজীবী সেলের আহ্বায়ক ও শিক্ষক নেতা সুপ্রকাশ রায়। তৃণমূলের দার্জিলিং জেলা আইনজীবী সেলের আহ্বায়ক বলেন, বাদ যাওয়া ভোটারদের জন্য  ট্রাইবুনালে লড়তেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিচারাধীন ভোটাররা অসন্তুষ্ট হলে তাঁরা তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে নির্ধারিত ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন। ২০ মার্চ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।             

Advertisement
সম্পর্কিত সংবাদ