নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা সহ চার দফা দাবিতে ফের দেশজুড়ে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ব্যাংক কর্মী ও আধিকারিকরা। তাঁদের সংগঠনগুলির মূল মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এই ধর্মঘটের ডাক দিয়েছে। বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর ধর্মঘট করা হবে। সরকার দাবি না মানলে ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিনদিন টানা ধর্মঘট করা হবে। তার পরেও যদি সরকার এই দাবিতে মান্যতা না দেয়, সেক্ষেত্রে ২৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের পথে হাঁটবেন ব্যাংক কর্মীরা।



