নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ফাঁসির সাজা রদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৩ সালে খিদিরপুরের ফুটপাথ নিবাসী এক মহিলার আড়াই বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আসামি সুরেশ পাসোয়ানকে ফাঁসির সাজা দেয় নগর ও দায়রা আদালত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সুরেশ। সেই মামলার দীর্ঘ শুনানির পর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রায়ে আসামির ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে। গত সপ্তাহেও মুর্শিদাবাদের আদালতের দেওয়া একটি ফাঁসির সাজা রদ করে দিয়েছিল হাইকোর্ট।
রায়ে বেঞ্চ জানিয়েছে, গ্রেপ্তারির দিন থেকে আগামী ৫০ বছর পর্যন্ত সাজা কমানোর আবেদন করতে পারবে না আসামি। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই অপরাধ ঘৃণ্য হলেও ‘বিরল থেকে বিরলতম’ নয়। তাই ফাঁসির সাজা দেওয়ার মতো যৌক্তিকতা পায়নি আদালত। রায়ের নথিতে ডিভিশন বেঞ্চ জানায়, আসামির বয়স, অপরাধ পূর্ব পরিকল্পিত, প্রতিহিংসাবশত কি না, পুরনো শত্রুতার জেরে কি না, এইসব বিষয় বিবেচনা করা হয়েছে। তারপরেই ফাঁসির সাজা রদ করার সিদ্ধান্তে পৌঁছেছে আদালত।
প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাই মাসে আস্তাবলের কর্মী সুরেশ পাসোয়ানের বিরুদ্ধে খিদিরপুর বিদ্যাসাগর সেতুর নীচ থেকে এক ঘুমন্ত ফুটপাথ নিবাসীর আড়াই বছরের কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। বিচারপ্রক্রিয়ার শেষে অভিযুক্ত সুরেশকে দোষী সাবস্ত করে ২০১৯ সালে ফাঁসির সাজা ঘোষণা করেছিল নিম্ন আদালত।