নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। তবে অসন্তোষ প্রকাশ করলেও আদালত অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছে। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মন্তব্যগুলি ইচ্ছাকৃত আদালত অবমাননা নাও হতে পারে। তবে সেগুলি এড়ানো যেত। আদালত জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অভিষেক অন্তর্বর্তী রক্ষাকবচ পাবেন। এদিন অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজে মামলার শুনানি ছিল হাইকোর্টে। শুনানিতে বিচারপতি ভট্টাচার্য জানান, সাংসদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তিনি বলেন, ‘একজন সাংসদ যদি এই ধরনের মন্তব্য করেন, তা হলে তাঁর অনুগামীদের কাছে কী বার্তা পৌঁছায়? বিচারব্যবস্থার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক।’ তবে বিচারপতি এও বলেছেন, ‘অভিষেকের মন্তব্যগুলি ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা নাও হতে পারে। তবে এই ধরনের মন্তব্য এড়ানো যেত। আদালতের বিরুদ্ধে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। এটা আদালতের কাছে বেদনাদায়ক।’ অভিষেকের মন্তব্যের জন্য তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের বিরোধিতা করেছিল রাজ্য সরকার। যদিও অভিষেকের আইনজীবীরা দাবি করেন, এটি ভিন্ন মামলা। তাঁর মক্কেল আদালত বা বিচারব্যবস্থা সম্পর্কে কোথায় কী মন্তব্য করেছেন, তা তাঁদের জানা নেই।



