নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের টাকা ফেরতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গড়েছিল হাইকোর্ট। সেই কমিটির বিরুদ্ধেই উঠেছে আর্থির বেনিয়মের অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখা থেকে পিছিয়ে গেল আরও এক কেন্দ্রীয় সংস্থা! ক্যাগের তরফে জানানো হয়েছে, তারা এই সংক্রান্ত ফরেনসিক অডিটের কাজ করতে অপারগ।
হাইকোর্ট আগেই জানিয়েছিল, আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ফরেনসিক অডিট প্রয়োজন। এর আগে সেবিকে এই কাজ করতে বলেছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তারা তাদের অক্ষমতার কথা জানিয়েছিল সর্বপ্রথম। এরপর ক্যাগকে এই কাজের দায়িত্ব দিতে চেয়েছিল হাইকোর্ট। কিন্তু এই কাজে তারাও অপারগ বলে জানিয়েছে ক্যাগ। পর পর কয়েক সপ্তাহ ধরে নিজেদের অবস্থান জানানোর জন্য ঘুরিয়ে ফিরিয়ে সময় নেওয়ার পর এদিন তারা লিখিতভাবে জানিয়েছে, ফরেনসিক অডিট করতে তারা অপারগ।
তার ভিত্তিতে আদালত এবার এই কাজের জন্য রাজ্যের অর্থদপ্তরকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে। এই অডিট থেকে দুই কেন্দ্রীয় সংস্থার পিছিয়ে যাওয়ার উল্লেখসহ এদিন আদালতের বক্তব্য, এবার রাজ্যের অর্থদপ্তরকে এই দায়িত্ব দিতে চায় আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির হিসেব অনুযায়ী, ইডি দুই থেকে তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। রাজ্য অর্থদপ্তরকে কমিটির হিসেব-নিকেশ দেখার পাশাপাশি সেই সম্পত্তি নিয়েও অডিট করতে হবে। পরবর্তী শুনানি ২ ডিসেম্বর। এই ব্যাপারে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে হবে ওইদিন।