সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর ২ নম্বর ব্লকের বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে এল চিকিৎসক দিবস। এই ব্লকের ঝুমঝুমি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবার সপ্তাহে সাতদিনই সিজার অপারেশনের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ছাড়পত্র পেলেই স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষেবা শুরু হয়ে যাবে। মঙ্গলবার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাস। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার, হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা প্রমুখ। এদিন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়।



