নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৪ সেপ্টেম্বর সিএবি’র বার্ষিক সভা। সেদিনই তিনটি পদে (সচিব, যুগ্মসচিব, অ্যাপেক্স কমিটির সদস্য) নির্বাচন হওয়ার কথা। ১৬ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে নির্বাচন অফিসারদের হাতে পৌঁছানো ছয় জেলা শাসকের চিঠিতে হঠাৎ পরিস্থিতি বদল। তাঁদের বক্তব্য, লোধা কমিটির সুপারিশ মেনে ভোট করতে হবে। অর্থাৎ, ৭০ বছরের বেশি বয়সি এবং ন’বছর মেয়াদ পূর্ণ করে ফেলা কেউ নির্বাচনে প্রতিনিধিত্ব এবং ভোট দিতে পারবেন না। বোর্ডের এজিএমেও মানা হয় এই নিয়ম। যদিও সুপ্রিম কোর্টের এক রায়ে রাজ্য ক্রীড়া সংস্থাগুলির ক্ষেত্রে তা অতীতে লাগু হয়নি। তাই জেলা শাসকদের চিঠির প্রেক্ষিতে সিএবি’র নির্বাচনী অফিসার কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার। সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, ‘এই ব্যাপারে আইনি পরামর্শ নিতে হবে।’



