কালো টাকা সাদা করার কারবার সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার সিএ
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাগুজে কোম্পানি খুলে কালো টাকা সাদা করে দেওয়ার অভিযোগে সাহেবগঞ্জ থেকে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে (সিএ) গ্রেপ্তার করল ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেস (ডিইও)। জিতেশ ডালমিয়া নামে ওই অভিযুক্ত দেশজুড়ে এই কারবার ফেঁদেছিলেন। তাঁর মাধ্যমে কালো টাকা সাদা হওয়ার পরিমাণ কত জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তদন্তের সূত্রপাত বাগুইআটির একটি বেসরকারি সংস্থাকে কেন্দ্র করে। ওই কোম্পানির বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার জিএসটি ফাঁকির অভিযোগ সামনে আসে। লেনদেনের সূত্র ধরে তদন্তে নেমে ডিইওর অফিসাররা জানতে পারেন, একাধিক কাগুজে কোম্পানি খুলে জিএসটি ফাঁকির অর্থ পাচার করা হয়েছে। একাধিক কোম্পানি খোলা হয়েছিল বিগত তিন বছরে। জানা যায়, কোম্পানিগুলি খুলেছেন জিতেশ ডালমিয়া নামে এক সিএ। এরপর তাঁর উপর নজর পড়ে। দেখা যায়, অভিযুক্তের সাহেবগঞ্জে ফার্ম রয়েছে। সেখানে বসেই কাগুজে কোম্পানি তৈরি করছে। এমনকি ভুয়ো আধার, ভোটার কার্ড পর্যন্ত বানাচ্ছে। এরপরই ডিইও অফিসাররা সাহেবগঞ্জ গিয়ে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসেন। রাজ্যে বিভিন্ন ব্যবসায়ীর জন্য তিনি একাধিক কাগুজে কোম্পানি খুলে দিয়েছিলেন। গোটা দেশে একাধিক ব্যবসায়ী তাঁর সঙ্গে যোগাযোগ করে কালো টাকা সাদা করার জন্য কাগুজে কোম্পানি খুলেছেন। তাঁকে জেরা করে এই কাগুজে কোম্পানির চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন অফিসাররা। 

Advertisement