নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার সন্ধ্যায় হাওড়ার ব্যাঁটরার বৃন্দাবন মল্লিক লেনের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন এক মহিলা। বৃদ্ধার নাম শর্মিলা কারার (৭৫)। স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়িতে রান্না করছিলেন। আচমকা রান্নাঘরের সিলিন্ডার বিকট শব্দে ফেটে যায়। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ব্যাঁটরা থানার পুলিস ও দমকলের একটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, বিস্ফোরণের অভিঘাতে বাড়ির টালির চাল উড়ে গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের কোনও ঘটনা ঘটেনি। কীভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হল, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিস ও দমকল।



