Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যস্ততম চুনাখালি মোড়ে মেলে না ট্রাফিকের দেখা

ব্যস্ততম চুনাখালি মোড়ে মেলে না ট্রাফিকের দেখা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: লালবাগ মহকুমার অন্যতম ব্যস্ত ট্রাফিক জংশন মুর্শিদাবাদ থানার চুনাখালি মোড়। তা সত্ত্বেও এখানে যানবাহন নিয়ন্ত্রণে কোনও ট্রাফিক পুলিসের দেখা মেলে না। ব্যস্ত রাস্তার দু’ধার দখল করে দাঁড়িয়ে থাকে টোটো, অটো, ট্রেকার, বেসরকারি বাস। রাস্তার মাঝেই চলে যাত্রী ওঠানামা। ফলে মাঝেমধ্যে যানজট সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। একপ্রকার বাধ্য হয়েই স্থানীয়দের পাশাপাশি পথচলতি মানুষ ও যাত্রীরা ঝুঁকির পারাপার করেন। ফলে ছোটোখাটো দুর্ঘটনা এখানকার প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে চুনাখালি মোড়ে ট্রাফিক পুলিস মোতায়েনের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী থেকে নিত্যযাত্রীরা। যা নিয়ে লালবাগ মহকুমা পুলিস আধিকারিক রাজেশ আকুলকার মহাদেব বলেন, বিষয়টি নজরে রয়েছে। শীঘ্রই ওখানে ট্রাফিক পুলিস মোতায়েন করা হবে। 
Advertisement
মুর্শিদাবাদ থানার চুনাখালি অরবিন্দ পার্ক মোড় থেকে গুরুত্বপূর্ণ দু’টি রাস্তা দুই দিকে চলে গিয়েছে। একটি ইসলামপুর, ডোমকল, জলঙ্গি হয়ে করিমপুর গিয়েছে। অপরটি লালবাগ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গীপুর হয়ে ওমরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে মিশেছে। ওই দুই গুরুত্বপূর্ণ রাস্তায় ২৪ ঘণ্টা যানবাহন ও মানুষ চলাচল করেন। দুই রুটের বাস, অটো, ট্রেকার চুনাখালি মোড়ে যাত্রী ওঠানামার জন্য দাঁড়ায়। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সম্প্রসারণের ফলে এখন রাস্তা পারাপার মানুষের কাছে বিপজ্জনক হয়ে উঠেছে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। ট্রাফিকের কোনও ব্যবস্থা না থাকায় সমস্যা দিন দিন বাড়ছে। স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী দেবাংশু পাল বলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ট্রাফিক পুলিস নেই। ট্রাফিক নিয়ন্ত্রণ না হওয়ায় মানুষের ভোগান্তি দিনের পর দিন বেড়ে চলেছে। ফুলবাগানের বাসিন্দা অশোক পাল বলেন, বিভিন্ন কাজে মাঝেমধ্যে ওই দুই রাস্তায় যেতে হয়। ট্রাফিক ব্যবস্থা না থাকায় যানজটে নাকানিচোবানি খেতে হয়। আয়েসবাগের বাসিন্দা রাজেশ দাস বলেন, ট্রাফিক পুলিস না থাকায় চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। ফলে যেকোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সম্পর্কিত সংবাদ