Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যারাক স্কোয়্যার মাঠের ওয়াকিং ট্র্যাক ধসে সমস্যা

ব্যারাক স্কোয়্যার মাঠের ওয়াকিং ট্র্যাক ধসে সমস্যা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর ব্যারাক স্কোয়্যার মাঠের ওয়াকিং ট্র্যাকের একদিক ধসে গিয়েছে। প্রাতঃভ্রমণকারী ও সান্ধ্য ভ্রমণকারীরা হাঁটতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। মাঠের চারদিকের বেশ কয়েক জায়গা ধসে গিয়ে স্টোন ব্লক উঠে গিয়েছে। সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য অসতর্কতায় বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে। ওয়াকিং ট্র্যাকটির সংস্কারের দাবি তুলেছেন শহরের মানুষ। বহরমপুর পুর কর্তপক্ষ নাগরিকদের হাঁটার জন্য এই ওয়াকিং ট্র্যাকটি তৈরি করে দিয়েছিল। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াকিং ট্র্যাক সম্প্রসারণ করার সময় কিছু ত্রুটি ছিল। যার ফলে মাঠের চার পাশের সম্প্রসারিত অংশটি বসে গিয়েছি। দ্রুত সংস্কার করা হবে। বহরমপুর শহরের ফুসফুস ব্যারাক স্কোয়্যার। একসময় এখানেই ছিল ব্রিটিশদের সেনা ছাউনি। শোনা যায়, সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল এই মাঠেই। বর্তমানে মাঠটি মুর্শিদাবাদ জেলাশাসকের তত্ত্বাবধানে রয়েছে। তবে নাগরিক পরিষেবার জন্য বছর কয়েক আগে বহরমপুর পুরসভা মাঠের সৌন্দর্যায়ন ও ওয়াকিং ট্র্যাকটি তৈরি করে। লোহার রেলিং দিয়ে ঘিরে মাঠের চারপাশে সাতফুট চওড়া ঢালাইয়ের ওয়াকিং ট্র্যাক করা হয়। পরে সেটি আরও তিনফুট চওড়া করে স্টোন ব্লকের স্থায়ী হাঁটার ব্যবস্থা করে দেওয়া হয়। সুন্দর ট্র্যাকে প্রতিদিন সকাল-সন্ধ্যা কয়েক হাজার পুরুষ ও মহিলা হাঁটেন। মাঠের ভিতরে দু’ জায়গায় জিমের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। 
Advertisement
সম্প্রতি মাঠের ভিতরের দিকের সম্প্রসারিত তিনফুট অংশ বিপজ্জনকভাবে বসে গিয়েছে। বহরমপুর উকিলাবাদ এলাকার বাসিন্দা সমিত মণ্ডল বলেন, আমি রোজ সন্ধ্যায় হাঁটি। সব জায়গায় আলো না থাকায় অসমতল ট্রাকে হাঁটতে সমস্যা হয়। ঠিক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। গোরাবাজার এলাকার বাসিন্দা সবিতা চৌধুরী বলেন, অন্যকে পাশ দিতে গিয়ে খুব অসুবিধে হয়। হাঁটার রাস্তাটির সংস্কার করলে ভালো হয়।
সম্পর্কিত সংবাদ