সংবাদদাতা, মানবাজার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুরুলিয়ার মানবাজার থানার পুলিস। ধৃত যুবকের নাম সাবির আনসারী। বাড়ি বরাবাজার থানার খাওয়াসডি গ্রামে। মানবাজার থানা এলাকার এক যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিস শুক্রবার তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস জানতে পেরেছে, গত চার বছর আগে মানবাজার থানা এলাকার ২২ বছরের ওই যুবতীর সঙ্গে সাবিরের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরেই অভিযুক্ত যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সঙ্গে শারীরিক মেলামেশা শুরু করে। পরে যুবতী বিয়ের কথা বলতেই অভিযুক্ত যুবক বেঁকে বসে। তারপরেই শুক্রবার ওই যুবতী মানবাজার থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিস। শনিবার নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার পাশাপাশি পুরুলিয়া আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়া হয়।



