Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক থেকে ফেরার পথে আবাসের ৫০ হাজার টাকা ছিনতাই

ব্যাঙ্ক থেকে ফেরার পথে আবাসের ৫০ হাজার টাকা ছিনতাই
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: ব্যাঙ্ক থেকে ফেরার পথে ডেবরায় ছিনতাইয়ের ২৪ঘণ্টার মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বাবার আবাস যোজনার টাকা উদ্ধার করল পুলিস। এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ডেবরা থানার গোলগ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তি ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। সেইসময় গোলগ্রাম-বাহাদুরপুর রাস্তায় এক দুষ্কৃতী টাকা ছিনতাই করে পালায়। শুক্রবার রাতে পশ্চিম গোলগ্রাম এলাকায় তার বাড়ি থেকেই অভিযুক্ত পিন্টু দে-কে গ্রেপ্তার করে পুলিস। ছিনতাই হওয়া টাকাও উদ্ধার করা হয়েছে। বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, ডেবরা ব্লকে মোট ৫৯৮৩ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে জমা পড়েছে। 
Advertisement
জানা গিয়েছে, বাহাদুরপুর এলাকার বাসিন্দা শেখ সুবেদ আলির নামে এবার আবাস যোজনার বাড়ি পেয়েছেন। প্রথম পর্যায়ে ৬০ হাজার টাকা মঞ্জুর হয়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমাও পড়ে। তাঁর মেয়ে ফতেমা খাতুন বলেন, বাবার অ্যাকাউন্ট থেকে একসঙ্গে অত টাকা তোলা যাবে না। তাই বাবা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে। আমার কাছে চেক নিয়ে গোলগ্রামের ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিল। সাইকেলের সামনে টাকার ব্যাগ রাখা ছিল। চন্দ্রামোড়ের কাছে এক যুবক মোটরবাইকে করে এসে সাইকেল থেকে টাকা ছিনতাই করে পালায়। ওইদিনই বাবা পুলিসে অভিযোগ দায়ের করে। বাবা সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীকে চিনতে পারে। 
থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়। কিন্তু ওইদিন দুষ্কৃতীর কোনও খোঁজ পায়নি পুলিস। শুক্রবার গোপন সূত্রে পুলিস খবর পায় দুষ্কৃতী বাড়িতেই আছে। ওই রাতেই তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় টাকাও। পুলিস দ্রুততার সঙ্গে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে টাকা উদ্ধার করায় পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন
সুবেদ সাহেব।
সম্পর্কিত সংবাদ