Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক ম্যানেজার পরিচয়ে ফোন, অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

ব্যাঙ্ক ম্যানেজার পরিচয়ে ফোন, অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে অ্যাকাউন্টের তথ্য ও ওটিপি জেনে নিয়ে দু’টি অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারকরা। বিষয়টি জাতীয় পোর্টালে জানিয়েছেন গ্রাহক। বর্ধমান থানাতেও এনিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্তে নেমেছে থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গ্রাহকের আদি বাড়ি ভাতার থানার আড়রা গ্রামে। বর্তমানে তিনি বাজেপ্রতাপপুরের বিদ্যাসাগরপল্লিতে ঘরভাড়া নিয়ে থাকেন। একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর দু’টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কিছুদিন আগে বেলা দেড়টা নাগাদ ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে। তাঁকে কেওয়াইসি এবং প্যান আপডেট করার জন্য বলা হয়। তাঁর কাছ থেকে প্যান নম্বর চাওয়া হয়। সরল বিশ্বাসে তা দিয়ে দেন গ্রাহক। এরপর তাঁর কাছে ওটিপি আসে। ব্যাঙ্কের ম্যানেজার ভেবে প্রতারককে তিনি ওটিপি দিয়ে দেন। একইভাবে তাঁর কাছে দ্বিতীয় অ্যাকাউন্টেরও ওটিপি আসে। তিনি সেটিও শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যে তাঁর দু’টি অ্যাকাউন্ট থেকে এক লক্ষ চার হাজার ৬৪৮ টাকা তুলে নেওয়া হয়। তড়িঘড়ি তিনি ব্যাঙ্কে যান। ব্যাঙ্ক থেকে তাঁকে সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। তিনি তা করেন। পরে থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ