Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাংককে তিরন্দাজিতে সোনা জিতল পুরুলিয়ার বাসন্তী মাহাত

ব্যাংককে তিরন্দাজিতে সোনা জিতল পুরুলিয়ার বাসন্তী মাহাত
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ব্যাংককে বাজিমাত করল পুরুলিয়ার বাসন্তী মাহাত। তির-ধনুকে লক্ষ্যভেদ করে দেশের হয়ে সোনা ছিনিয়ে আনল ছৌয়ের দেশের ‘রাজকন্যা’। তাঁর তির-ধনুকের কাছে পরাজিত হল চীনা তিরন্দাজ। মাত্র ১৯ বছর বয়সেই পুরুলিয়ার ‘সোনার মেয়ে’ দেখিয়ে দিল মাড় ভাতের দম। দেশের বুকে পুরুলিয়ার নাম তো উজ্জ্বল করলই, সেইসঙ্গে বুঝিয়ে দিল, প্রবল ইচ্ছাশক্তি আর নিজের লক্ষ্যে স্থির থাকলে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেও বিশ্ব জয় করা যায়। চলতি বছর থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘এশিয়া কাপ আর্চারি’ প্রতিযোগিতায় এবারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন পুরুলিয়ার বরাবাজার থানার রানসি গ্রামের বাসন্তী। শনিবার প্রতিযোগিতায় চীনের প্রতিযোগী ফং ইউ ঝোকে হারিয়ে সোনার পদক জিতেছেন বাসন্তী। বাসন্তীর জয়ে উচ্ছ্বাস শুরু হয় ভারতীয় শিবিরে। ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হতে থাকে ভারতীয় শিবির। যদিও বাসন্তীর মুখে স্রেফ একটা মুচকি হাসি। যেন এই জয় তাঁর কাছে প্রত্যাশিতই ছিল। ওই প্রতিযোগিতার অন্য একটি ইভেন্টে দলগতভাবে বাসন্তী ও বিষ্ণু চৌধুরী মিলে রুপোর পদকও জিতেছেন। তবে, পুরুলিয়ার বরাবাজারের প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে এসে সোনা জয় মোটেই সহজ ছিল না বাসন্তীর কাছে। ছোট থেকেই খেলাধুলোর প্রতি ইচ্ছা থাকলেও সেই পরিকাঠামো ছিল না জেলায়। বিষয়টি অনুভব করে পুরুলিয়া জেলা পুলিসও। জেলার ছেলেমেয়েদের মধ্যে প্রতিভার অভাব নেই। অভাব শুধু পরিকাঠামো, সঠিক প্রশিক্ষণের। সেই ভাবনা থেকেই ২০১৮ সালে জেলা পুলিসের সহযোগিতায় ‘লক্ষ্য’ নামের তিরন্দাজি অ্যাকাডেমি খোলা হয় বরাবাজারে। বাসন্তীর তখন অষ্টম শ্রেণি। পাড়ার এক সিভিক ভলান্টিয়ার দাদার থেকে প্রশিক্ষণের ব্যাপারে জানতে পেরে একদিন সাইকেল নিয়ে চলে গিয়েছিল মাঠে। তারপর থেকে ইতিহাস তৈরি করে চলেছেন বাসন্তী। ২০১৮ সাল থেকেই একের পর এক প্রতিযোগিতায় লক্ষ্যভেদ করতে থাকে বাসন্তী। এক বছরের মধ্যেই বাসন্তী নজরে পড়ে স্পোর্টস্ অথরিটি অব ইন্ডিয়ার কর্তাদের। ২০১৯ সালে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার(সাই) সল্টলেক ক্যাম্পাসে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান বাসন্তী। তারপর থেকে ঝুলিতে আসতে থাকে একের পর এক পদক। তবে এর আগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ কিংবা রুপোর পদক এসেছে। কিন্তু, ঝুলিতে সোনা আসেনি। এনিয়ে কিছুটা আক্ষেপ ছিল। সেই আক্ষেপও ঘুচল এবার। আজ বাসন্তী পুরুলিয়ার যুবক-যুবতীদের কাছে অনুপ্রেরণা। বাসন্তীর এই সাফল্যে গর্বিত তাঁর গোটা পরিবার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ