সংবাদদাতা, দেওয়ানহাট: শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের কার্যত বিবস্ত্র করে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। সেই সঙ্গে তাঁরা অভিযুক্ত সহায়িকার শাস্তির দাবিতে সরব হন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দিনহাটার পুঁটিমারী-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর পুঁটিমারী গ্রামের বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে। ঘটনার জেরে বৃহস্পতিবার উত্তেজনা ছাড়ায় এসএসকে’তে। তালা মারা থাকায় এদিন পঠনপাঠন বন্ধ ছিল।
Advertisement
অভিযোগ, বুধবার দুপুরে এসএসকে’র এক সহায়িকা দেখেন তাঁর ব্যাগে রাখা মানিব্যাগের চেন খোলা। সেখানে টাকা নেই। এরপর সব ছাত্রছাত্রীকে ডেকে জিজ্ঞাসা করেন তারা কেউ টাকা নিয়েছে কি না। কিন্তু ছাত্রছাত্রীরা সহায়িকার ব্যাগ থেকে টাকা নেয়নি বলে জানায়। এরপরেই সহায়িকা খেপে গিয়ে পড়ুয়াদের পোশাক খুলে তল্লাশি শুরু করেন। কয়েকজনকে লাঠি দিয়ে পেটানও। যদিও পরে ওই সহায়িকা বাড়িতে ফোন করে জানতে পারেন যে টাকা তিনি বাড়িতেই রেখে এসেছেন। ছাত্রছাত্রীরা ঘটনার কথা বাড়িতে গিয়ে জানালে বৃহস্পতিবার সকালে সহায়িকার সঙ্গে দেখা করতে আসেন ক্ষুব্ধ অবিভাবকরা। কিন্তু অভিযুক্ত এদিন এসএসকে’তে না আসায় তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা। পরে প্রধান সহায়িকা আসেন। তাঁকেও ঢুকতে দেওয়া হয়নি।
অভিযুক্ত সহায়িকাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধান সহায়িকা প্রতিমা বর্মন বলেন, বুধবার ছুটিতে ছিলাম। এদিন এসে অভিভাবকদের কাছ থেকে পুরো বিষয়টি জানতে পারি। ঘটনার কথা উপর মহলে জানাব।