Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যবসায়ী অপহরণকাণ্ডে আরও দুই অভিযুক্তের নাম পেল পুলিস

ব্যবসায়ী অপহরণকাণ্ডে আরও দুই অভিযুক্তের নাম পেল পুলিস
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ব্যবসায়ী অপহরণকাণ্ডে আরও দুই অভিযুক্তের নাম পেল রায়গঞ্জ থানার পুলিস। তাদেরও খোঁজ শুরু হয়েছে। এদিকে অপহরণকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত বচ্চন প্রসাদকে বুধবার জেলা আদালতে হাজির করা হয়। পুলিসের বক্তব্য, এদিন ধৃতকে ৩ দিনের জন্য পুলিস হেফাজতে পাঠায় আদালত। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর অপহরণের ঘটনাটি ঘটে বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, এলাকার ওষুধ ব্যবসায়ী আলিফ মহম্মদ (২৬) বাইকে চালিয়ে সার কিনতে যান। তখনই তাঁকে বাইকসহ অপহরণ করা হয়। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেশ কয়েকঘণ্টা ধরে টানাপোড়েন চলে। ফোনে হুমকি দেওয়া হয়। অপহৃতের পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। শেষে পুলিসের দ্বারস্থ হতেই অপহৃত বাড়ি ফিরে আসেন। শেষপর্যন্ত পুলিস ঘটনার তদন্তে নেমে বচ্চন প্রসাদ নামে একজনকে গ্রেপ্তার করে। থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন,ঘটনার সবদিক তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলেছে। তদন্তের স্বার্থে আরও তথ্যের প্রয়োজন বলে আদালতে পুলিস এদিন ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল বচ্চনকে। পরে শুনানি শেষে আদালত ৩ দিনের জন্য পুলিস হেফাজত মঞ্জুর করেছে। পুলিস সূত্রে খবর, সপ্তাহখানেক আগে এলাকার একটি জমি সংক্রান্ত বিবাদ হয়েছিল বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অধীন মারিয়া এলাকায়। অভিযুক্ত অপহরণকারী বচ্চন প্রসাদ রাতের অন্ধকারে একটি জমিতে নির্মাণ কাজ শুরু করে। ঘটনায় ক্ষিপ্ত হয়ে মারিয়া এলাকার কিছু বাসিন্দা সহ আলিফ মহম্মদ সেই নির্মাণ কাজ ভাঙতে যায়। এবং ভেঙে দেয়। তাতেই আলিফ মহম্মদের উপর ক্ষিপ্ত হয়ে এই অপহরণের ঘটনা ঘটায় অভিযুক্ত। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বচ্চন প্রসাদ একা নয়। তার সহযোগী হিসেবে আরও দু’জন জড়িত। এখন তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ