সংবাদদাতা, বেলদা: পুজোর বাজার মানেই কেনাকাটার ধুম। আর সেই কেনাকাটার উন্মাদনাকে কাজে লাগিয়ে এবার বেলদায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে স্মার্টফোনের বাজার। গ্রাহকদের নিজেদের দিকে টানতে স্থানীয় মোবাইল দোকানগুলির মধ্যে কার্যত শুরু হয়েছে অভিনব উপহারের রেষারেষি। ক্রেতাদের নজর কাড়তে এমন সব চমকপ্রদ অফার ঘোষণা করা হচ্ছে, যা শুনে রীতিমতো তাক লেগে যাওয়ার জোগাড়।
শুধুমাত্র একটি মোবাইল ফোন কিনলেই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চোখধাঁধানো সব সামগ্রী। সাধারণ ঘর সাজানোর জিনিস তো বটেই, উপহারের তালিকায় অনায়াসেই জায়গা করে নিয়েছে এসি, এলইডি টিভি, ফ্রিজ, আলমারি, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওভেনের মতো দামি গৃহস্থালির সরঞ্জাম। চমক এখানেই থেমে নেই। ইলেকট্রিক স্কুটার, মোটরবাইক, এমনকি লক্ষাধিক টাকা মূল্যের স্পোর্টস বাইকও জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছেন ব্যবসায়ীরা।
উপহারের এই প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিতে মরিয়া বিক্রেতারা। কোনো কোনো দোকানে মোবাইল বিক্রির সঙ্গে সোনার গয়না বা হিরের আংটির মতো বহুমূল্য উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ছোটখাটো নিশ্চিত উপহারের পাশাপাশি লাকি ড্রয়ের মাধ্যমে এক থেকে দশ ডেসিমল পর্যন্ত জমি এবং কোটি টাকা নগদ পুরস্কার জেতার হাতছানিও দেওয়া হচ্ছে দেদার। পাশাপাশি অভিনব ছাড়ের ব্যবস্থাও থাকছে। বাতিল হওয়া পুরনো চার্জার, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক সামগ্রী জমা দিলে নতুন মোবাইলের দামে মিলছে বিশেষ ছাড়। এমনকি, খুচরো পয়সা জমিয়ে মোবাইল কিনতে এলেও থাকছে বাড়তি উপহার জেতার সুযোগ।উৎসবের মরশুমে এমন লোভনীয় অফারের ডালি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্রেতাদের একাংশ। তাঁদের মতে, মোবাইলের সঙ্গে এমন অপ্রত্যাশিত সব উপহার পাওয়ার সুযোগ পুজোর বাজারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে বাজার বিশেষজ্ঞদের তরফ থেকে ক্রেতাদের জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তাঁদের সাফ কথা, নিছক চমকপ্রদ উপহারের লোভে পড়ে অন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া বোকামি। প্রতারণার ফাঁদ এড়াতে কেনার আগে অবশ্যই মোবাইলের আসল বাজারদর, স্পেসিফিকেশন এবং গুণমান ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। মোবাইলের দোকানে কেনাকাটার ভিড়।-নিজস্ব চিত্র