সংবাদদাতা, আলিপুরদুয়ার: কয়েকদিন ধরেই সন্দেহ করা হচ্ছিল বক্সার বাঘিনি ভুটানে চলে যাবে। শেষ পর্যন্ত সেই সন্দেহই সত্যি হল। বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে আনা ‘ডুয়ার্স রানি’ বক্সার বাঘিনি শেষ পর্যন্ত ভুটানের ফিবসু অভয়ারণ্যে চলে গেল। রেডিয়ো কলারের সংকেত ও লোকেশন যাচাই করে বনদপ্তর বাঘিনির ভুটানের জঙ্গলে চলে যাওয়ার খবর নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঠিক কবে বাঘিনি ভুটানের জঙ্গলে প্রবেশ করল? বক্সার জঙ্গলের উত্তরে রয়েছে ভুটান। বনদপ্তর সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভুটান সীমান্ত ঘেঁষে বক্সার জঙ্গলেই অবস্থান করছিল। শনিবার সকালের দিকে বাঘিনি আন্তর্জাতিক সীমান্ত পার করে ভুটানের ফিবসুর জঙ্গলে ঢুকে যায়। রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ বলেন, বাঘিনি সুস্থ স্বাভাবিকই আছে। আমরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখছি।
প্রসঙ্গত, বক্সার উত্তর দিকে ভুটানের ফিবসু অভয়ারণ্যের বিস্তীর্ণ জঙ্গল। অন্যদিকে, বক্সার পূর্ব দিকে সংকোশ নদী পেরিয়ে অসমের রায়মোনা টাইগার রিজার্ভের জঙ্গল। আবার রায়মোনা জঙ্গলের উত্তর দিকেও ভুটানের ফিবসুর জঙ্গল। ফলে ভুটানের ফিবসু, বক্সা ও রায়মোনার জঙ্গল সব মিলিয়ে আসলে টাইগার করিডর। বাল্মিকী টাইগার ফরেস্ট থেকে এনে বাঘিনিকে বক্সার ২৫ মাইল টাওয়ারের ২.২ হেক্টর ঘেরাটোপে রাখা হয়েছিল। গত ২ অক্টোবর ঘেরাটোপের গেট খুলে দেওয়া হলেও ৪ অক্টোবর গেট দিয়ে বেরিয়ে যায়। ২৪ অক্টোবর সংকোশ নদীর চৌধুরীঘাট পার হয়ে অসমের রায়মোনার জঙ্গলে চলে যায়। পরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বাঘিনিকে ফের বক্সার জঙ্গলে ফিরিয়ে আনা হয়। গত ২০-২২ দিন ধরে দিব্যি বক্সার জঙ্গলেই ঘোরাফেরা করছিল। হরিণ শিকার করে খেয়েছিল। বিশ্রামও নিচ্ছিল।
প্রশ্ন উঠেছে, বাঘিনি অসমের রায়মোনার জঙ্গলে না গিয়ে এবার ভুটানের জঙ্গলে গেল কেন? বনদপ্তরের অনুমান, ভুটানের ফিবসুর জঙ্গল বাঘেদের স্থায়ী আবাসস্থল। সেখানে পুরুষ বাঘ রয়েছে। হতে পারে প্রজননের তাগিদে বাঘিনি ভুটানের সংশ্লিষ্ট জঙ্গলে চলে গিয়েছে। তবে বাঘিনির ফের বক্সার জঙ্গলে ফিরে আসার সম্ভবনা উড়িয়ে দিতে পারছে না বনদপ্তর। ফাইল চিত্র



