সংবাদদাতা, ময়নাগুড়ি: মোবাইল ফোন চুরি হতেই ঘটল বিপত্তি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে উধাও হয়ে গেল কয়েক হাজার টাকা। একদিকে মোবাইল হারানোর চিন্তা, তারওপর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। দিশাহীন হয়ে শুক্রবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন এক ব্যবসায়ী। তিনি থানার সাইবার সহায়তা কেন্দ্রে লিখিতভাবে অভিযোগ জানান। পুলিশ অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমেছে।
গত বৃহস্পতিবার ময়নাগুড়ির কুমারপাড়ার বাসিন্দা ব্যবসায়ী প্রসেনজিৎ মজুমদার তাঁর দোকান থেকে বিস্কুটের কার্টন নিয়ে ক্রান্তি মোড়ে একটি দোকানে দিতে যান। তিনি নিজেই পণ্যবাহী গাড়ি চালিয়ে গিয়েছিলেন। ভুল করে গাড়িতেই মোবাইল রেখে চলে যান। পরে এসে দেখেন গাড়িতে মোবাইল নেই। এরপর তিনি ময়নাগুড়ি থানায় বিষয়টি জানান। সিম হারিয়ে যাওয়া সংক্রান্ত একটি লিখিত অভিযোগও দায়ের করেন। তবে সিমটি সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারকে ফোন করে বন্ধ করতে বলেননি। আর এই সুযোগটিই ব্যবহার করে সাইবার অপরাধীরা।
প্রসেনজিতের দাদা বিশুকেতু মজুমদার বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দেখেন ভাইয়ের মোবাইলে হোয়াটসঅ্যাপ অনলাইন দেখাচ্ছে। তিনি ভাইকে বিষয়টি জানিয়ে রাখেন। সন্দেহ হওয়ায় শুক্রবার সকালে প্রজেনজিৎবাবু ব্যাংকে যান। মিনি স্টেটমেন্ট বের করতেই তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়। দেখতে পান ১০ হাজার টাকা ধাপে ধাপে শুক্রবার সকাল থেকে কেটে নেওয়া হয়েছে। থানায় দাঁড়িয়ে প্রসেনজিৎ মজুমদার বলেন, কয়েক ধাপে টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। সমস্ত নথি সাইবার সহায়তা কেন্দ্রে জমা করেছি।
ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রের এক অফিসার বলেন, কোথায় কোথায় টাকা ট্রান্সফার হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।



