সংবাদদাতা, তারকেশ্বর: রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। ব্যাগ ছিনতাই করে পালানোর পথে তারা দু’রাউন্ড গুলিও চালায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই ব্যবসায়ী। ডানকুনির বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম পার্থ দাস। ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেল গেট এলাকায় তাঁর সোনার দোকান রয়েছে। ওইদিন রাতে দোকান বন্ধ করে স্ত্রীকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। পার্থবাবু বলেন, সেই সময় দু’টি বাইকে চেপে পাঁচজন দুষ্কৃতী এসে তাঁদের পথ আটকায়। এরপর আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে ব্যাগ নিয়ে পালায়। পালানোর সময় তারা দু’রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যে একটি গুলি পাশের বাড়ির দেওয়ালে লাগে। ওই ব্যাগে কী কী ছিল, তা অবশ্য জানাননি ওই ব্যবসায়ী। কারা, কী কারণে চালিয়েছে তা খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। গুলি চালানোর পিছনে শুধু কি ছিনতাই, নাকি পুরানো কোনো শত্রুতা রয়েছে, তাও তদন্ত করে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন পুলিশ অফিসাররা।



