নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠল হাওড়ায়। এই অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে হাওড়া থানার পুলিশ। ধৃতের নাম ওমপ্রকাশ সাউ। বুধবার তাঁকে কালীবাবুর বাজার এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর রাতে হাওড়ার কালীবাবুর বাজারে ওমপ্রকাশ সাউ ও তাঁর কয়েকজন সঙ্গী বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় একটি বাজি গিয়ে পড়ে এক মহিলার গায়ে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন মহিলার পরিবারের সদস্যরা। তা থেকেই শুরু হয় বচসা। অভিযোগ, এরপর দফায় দফায় ওই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা। এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় তাঁর মোবাইল ফোনও। মারধরের ঘটনা ধরা পড়ে এলাকার সিসিটিভি ক্যামেরায়। এমনকি, ব্যবসায়ীর পরিবার থানায় অভিযোগ জানিয়ে ফিরলে ফের তাঁদের হুমকি দেওয়া ও মারধর করা হয় বলে অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে হাওড়া থানার পুলিশ। ওমপ্রকাশকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেপাজতে নেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের সন্ধানেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। বুধবার ধৃতকে কালীবাবুর বাজারে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করান তদন্তকারী আধিকারিকরা। সেই সঙ্গে তাঁকে গোটা বাজার এলাকায় ঘোরানো হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রকৃত কারণ ও বাকি অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।



