শক্তিগড়ে ব্যবসায়ীকে মার ও তোলা আদায়ের অভিযোগে ধৃত
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায় ও তাঁকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ হাজরা। তার বাড়ি শক্তিগড় থানার রামনগরে। বৃহস্পতিবার রাতে তাকে বাসিন্দারা আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে কেস রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। শক্তিগড় থানার তাজপুরের বাসিন্দা আসলাম শেখের রামনগরে ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচার দোকান রয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বজিৎ সহ কয়েকজন তাঁর দোকানে আসে। তাঁর কাছে ৪০০০ টাকা চাঁদা দাবি করে। কিন্তু, তাঁর কাছে অত টাকা ছিল না। সেই জন্য তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয়। এরপর তাঁর কাছে থাকা ১০০০ টাকা জোর করে কেড়ে নেয় বিশ্বজিৎ। এরপর পেমেন্ট অ্যাপের মাধ্যমে অন্য একজনের অ্যাকাউন্টে তাঁকে ৩০০০ টাকা দিতে বলে। সেই টাকা তিনি দেন। এরপর তাঁকে শাসানো হয়। তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। 

Advertisement