Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুর-১ ব্লকে বন্ধ শিশু শিক্ষাকেন্দ্রের রুম দখল করে ব্যবসা, ক্ষুব্ধ বাসিন্দারা

দাসপুর-১ ব্লকে বন্ধ শিশু শিক্ষাকেন্দ্রের রুম দখল করে ব্যবসা, ক্ষুব্ধ বাসিন্দারা
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: দু’বছর আগেই বন্ধ হয়ে যায় শিশু শিক্ষা কেন্দ্র। দাসপুর-১ ব্লকের বাড়কাসেমপুরে ওই কেন্দ্রের বিভিন্ন রুমে এখন রমরমিয়ে ব্যবসা চলছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেআইনিভাবে ওই সমস্ত রুম ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। সড়বেড়িয়া-২ পঞ্চায়েতের প্রধান কমল জানা ওই শিশুশিক্ষা কেন্দ্রের ভবনে ব্যবসা চলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, একটি সামাজিক অনুষ্ঠানের জন্য ওই কেন্দ্রে ডেকরেটরের মালপত্র রাখা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও রুম ভাড়া দেওয়া হয়নি। তাহলে ওই শিশুশিক্ষা কেন্দ্রের রুমে কীভাবে দুধের ব্যবসা চলছে-সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বাম আমলে ওই গ্রামে শিশু শিক্ষা কেন্দ্রটি তৈরি হয়েছিল। একসময় সেখানে প্রচুর পড়ুয়া ছিল। কিন্তু, অনেকদিন ধরে সেখানে সহায়ক বা সহায়িকা নিয়োগ হয়নি। ফলে দু’বছর আগে সহায়ক-সহায়িকার অভাবে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এলাকার বাসিন্দা বাবুল রানা, দীপক সিং, শিবু সিংয়ের অভিযোগ, ওই শিশুশিক্ষা কেন্দ্রের একটি রুমে দুধের ব্যবসা চলে। একটিতে ডেকরেটরের সামগ্রী থাকে। আরও একটি রুমে ঠিকাদার সংস্থার শ্রমিকরা থাকেন।

Advertisement

স্থানীয়দের অভিযোগ যে মনগড়া নয়, শিশুশিক্ষা কেন্দ্রে গিয়েই তা দেখা গেল। সেখানে একটি রুমে দুধের ব্যবসা করছেন সুরজিৎ সামন্ত। তিনি বলেন, বেশ কয়েকমাস ধরে এই এসএসকে’র রুমে রয়েছি। এখান থেকেই ব্যবসা চালাই।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ফের ওই শিশুশিক্ষা কেন্দ্রে সহায়ক বা সহায়িকা নিয়োগ করে সেটি চালু করা হোক। এলাকার খুদে পড়ুয়ারা সেখানে নিয়মিত পড়াশোনার সুযোগ পাক। শিবু সিং বলেন, এনিয়ে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু, আমাদের প্রস্তাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রধান বলেন, এটা আমাদের হাতে নেই। সংশ্লিষ্ট দপ্তর সহায়ক-সহায়িকা নিয়োগ করলে ফের শিশুশিক্ষা কেন্দ্রে পড়ুয়া আসবে। তখন সেটি চালু করা সম্ভব হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ