তিন দপ্তরের অভিযানে সন্ত্রস্ত ব্যবসায়ী মহল, খুশি স্থানীয়রা
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কৃষি বিপণন দপ্তর, খাদ্যসুরক্ষা বিভাগ ও ডিইবি (জেলা এনফোর্সমেন্ট শাখা)-এর যৌথ অভিযানে সন্ত্রস্ত ব্যবসায়ীরা। একটি দোকানে অভিযান চালালেই কিছুক্ষণের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ছে চারিদিকে। এরপরই বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক দোকানগুলি। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে কাকদ্বীপ এলাকাজুড়ে।

Advertisement

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে এই তিন দপ্তরের অফিসাররা একত্রিত হয়ে কাকদ্বীপ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছেন। কখনও ঢুকে পড়ছেন মুদিখানা দোকানে, কখনো বা হোটেল, রেস্তরাঁ ও মিষ্টি দোকানে। শনিবারের পর রবিবারও সেই একই ছবি দেখা গেল কাকদ্বীপ এলাকায়। এদিন সকাল থেকে তিনটি দপ্তরের আধিকারিকরা বিভিন্ন দোকানে ঢুকে অভিযান চালান। সেই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়। এমনকি ভিতরে বিক্রেতা ও কর্মচারী থাকলেও, ক্রেতাদের বাইরে বের করে দিয়ে দোকানের সাটার নামিয়ে দেওয়া হয়। অফিসাররা বিষয়টি বুঝতে পেরে বিক্রেতাদের দিয়ে জোর করে শাটার খুলিয়ে দোকানের ভিতর ঢোকেন। এরপরই তাঁরা বিভিন্ন খাদ্যসামগ্রী পরীক্ষা করে দেখেন। এক্ষেত্রে দেখা গিয়েছে, প্রায় প্রতিটি মুদিখানা দোকানে রাসায়নিক দ্রব্য ও কৃত্রিম রং মেশানো বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রির জন্য মজুত করে রাখা হয়েছিল। সেগুলিকে তৎক্ষণাৎ নষ্ট করে দেওয়ার নির্দেশ দেন অফিসাররা। এছাড়াও অস্বাস্থ্যকর কোনো খাদ্যসামগ্রী দোকানে না রাখার নির্দেশও দেওয়া হয়। তবে এই তিন দপ্তরের অভিযানে খুশি এলাকাবাসীরা। তাঁদের দাবি, ধারাবাহিকভাবে এই অভিযান চালালে তবেই বিক্রেতারা সচেতন হবেন। এবিষয়ে কাকদ্বীপের এক বাসিন্দা দিলীপ সাহু বলেন, এখন বাজার থেকে কেনা প্রায় প্রতিটি খাদ্যদ্রব্যই যেন বিষের মতো। হয় রাসায়নিক দ্রব্য, নাহলে কৃত্রিম রং মেশানো রয়েছে, যা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। অথচ বেশি মুনাফা পাওয়ার জন্য বিক্রেতারা সেইসব সামগ্রী বিক্রি করছেন। এগুলো বন্ধ করতে হলে, ধারাবাহিকভাবে অভিযান চালাতে হবে।  নিজস্ব চিত্র