সংবাদদাতা , তারকেশ্বর: বাস ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তরা টাকা আত্মসাৎ করেছেন। এমন অভিযোগে ১৭-১৮ নম্বর রুটের চালক ও কন্ডাক্টররা বাস বন্ধ রাখলেন। ফলে চুঁচুড়া, তারকেশ্বর, আরামবাগ রুটে বাস চলাচল থেমে যায় শনিবার। ধনেখালি বাসস্ট্যান্ডে বাস থামিয়ে দেন চালকরা। বাসচালক সুশান্ত পাল, বিশ্বনাথ দাসরা বলেন, আগে তৃণমূল কংগ্রেসের বাস ইউনিয়ন ছিল। ইউনিয়নের জন্য যে টাকা তোলা হয়েছিল তা সব আত্মসাৎ করেছেন ইউনিয়নের নেতারা। বাসচালক, কন্ট্রাক্টররা কোনো সুযোগ-সুবিধা পাননি। ইউনিয়নের তৃণমূল নেতারা বিগত আট বছর ধরে শ্রমিকদের থেকে সংগ্রহ করা টাকার কোনো হিসাবও দিচ্ছেন না। আমরা বিধায়ক থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সকলকে জানিয়েছি। আগামী দিনে যদি আমাদের টাকার হিসাব না পাই তাহলে আন্দোলন আরও জোরদার হবে।



