Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার-দীঘা রুটে ছুটল বাস, যাত্রীদের মিষ্টিমুখ করাল এনবিএসটিসি

কোচবিহার-দীঘা রুটে ছুটল বাস,  যাত্রীদের মিষ্টিমুখ করাল এনবিএসটিসি
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কোচবিহার-দীঘা এসি ভলভো বাস পরিষেবা শুক্রবার থেকে শুরু হল। দুপুরে পরিবহণ সংস্থার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে প্রথম দীঘাগামী বাসটি যাত্রা শুরু করে। সবুজ পতাকা দেখিয়ে পরিষেবার সূচনা করেন এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই সহ অন্যান্যরা। সংস্থার তরফে এদিন যাত্রীদেরকে মিষ্টিমুখ করানো হয়। 

Advertisement

সংস্থার চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ছ’টি ভলভো বাস উত্তরের ছ’টি শহর থেকে দীঘা রুটে চলাচল করবে। ইতিমধ্যেই জলপাইগুড়ি-দীঘা, শিলিগুড়ি-দীঘা বাস পরিষেবা চালু হয়েছে। আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এদিন কোচবিহার-দীঘা বাস পরিষেবার সূচনা করা হল। প্রথম যাত্রাতেই এই বাসের সব আসনেই যাত্রী ভর্তি রয়েছে। এদিন সন্ধ্যায় রায়গঞ্জ-দীঘা রুটেও পরিষেবা চালু হয়েছে। শনিবার আলিপুরদুয়ার ও মালদহ থেকে সরাসরি দীঘা রুটে বাস পরিষেবা চালু হচ্ছে। সেগুলিরও সব আসন বুকিং হয়ে গিয়েছে। 
গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সফরে এসে উত্তরবঙ্গ থেকে যাতে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করতে সকলেই সহজে যেতে পারেন তারজন্য সরাসরি বাস পরিষেবার কথা ঘোষণা করেন এবং বাসের চাবিও এনবিএসটিসি’র হাতে তুলে দেন। সংস্থা আগামী ১৫ জুন পর্যন্ত বাসগুলির ভাড়ার ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দিয়েছে। রায়গঞ্জ, আলিপুরদুয়ার, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে দীঘাগামী বাসগুলির অনলাইনে আসন বুকিং শুরু হতেই দ্রুত সেগুলি শেষ হয়ে যায়। 
যাত্রী সুমন মুখোপাধ্যায় বলেন, এতদিন দীঘা যাওয়ার পরিকল্পনা থাকলেও সরাসরি কোনও বাস কোচবিহার থেকে ছিল না। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে চাইব, এই পরিষেবা যাতে মাঝপথে বন্ধ না হয়ে যায়। দীঘায় সমুদ্র ও জগন্নাথ দেব দুইই দর্শন করাতে পারব।

Advertisement
সম্পর্কিত সংবাদ