Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জলে দেহ রেখেছে বাস-গাড়ি-বাইক! ‘হাউসফুল’ সার্ভিস সেন্টার

জলমগ্ন পরিস্থিতিতে সোমবার রাত থেকে ভুগছে কলকাতা। যন্ত্রণার মেঘ কেটেছে মঙ্গলবার সন্ধ্যার পর। এই জমা জলে খারাপ হয়েছে বহু গাড়ি, বাইক।

জলে দেহ রেখেছে বাস-গাড়ি-বাইক! ‘হাউসফুল’ সার্ভিস সেন্টার
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলমগ্ন পরিস্থিতিতে সোমবার রাত থেকে ভুগছে কলকাতা। যন্ত্রণার মেঘ কেটেছে মঙ্গলবার সন্ধ্যার পর। এই জমা জলে খারাপ হয়েছে বহু গাড়ি, বাইক। দু’রাত রাস্তাতেই জমা জলে থেকে দেহ রেখেছে কোটি টাকার গাড়ি থেকে বাইক, স্কুটার। কারও ইঞ্জিনে ঢুকেছে জল, আবার কোনও গাড়ি জলের তোড়ে ভেসে গিয়ে ধাক্কা মেরেছে লোহার রেলিংয়ে। তার জেরে তুবড়ে গিয়েছে গাড়ির বনেট, দরজা। বুধবার সকাল হতেই কোম্পানির সার্ভিস সেন্টারে মুহুর্মুহু ফোন আসতে শুরু করে। ভিড় জমতে শুরু করে কোম্পানির সার্ভিস সেন্টার থেকে পাড়ার গ্যারাজগুলিতেও। ‘হাউস ফুল’ হয়ে যায় সার্ভিস সেন্টারগুলি। 

Advertisement

বেহালা এলাকার চিত্র বলছে, সব গ্যারাজে এদিন গাড়ির লাইন পড়ে যায়। ভোর চারটে থেকেই বাইকচালকরা গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে আসেন গ্যারাজ পর্যন্ত। বাইকচালকদের দাবি, অফিস যেতে ভরসা এই দু’চাকাই। শুধু তাই নয়, সামনেই দুর্গাপুজো। এই সময় বাইকে চেপেই শহরের মণ্ডপ দর্শন চলে রাতভর। তাই বাইক ‘ফিট’ রাখা অত্যন্ত প্রয়োজনীয়।  অন্যদিকে, ভবানীপুরের ছোট গ্যারাজগুলির অবস্থা ছিল আরও ভয়ঙ্কর। গ্যারাজ খোলার আগেই ১০-১২টি গাড়ির লাইন পড়ে যায় যদুবাবু বাজার এলাকায়। দামি ‘থর’ গাড়িও আশ্রয় নেয় গ্যারাজে। ভবানীপুরের এক সোনার ব্যবসায়ী ওই গাড়ির মালিক। তিনি বলেন, সোমবার রাত থেকে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে ভবানীপুর এলাকায়। তার জেরে রাতভর জলে ডুবে যায় গাড়িটি। ইঞ্জিন ‘সিজ’ হয়ে যায়। সকালে কোম্পানির সার্ভিস সেন্টারে ফোন করেন ওই ব্যবসায়ী। কিন্তু, সার্ভিস সেন্টার জানিয়ে দেয়, ‘অনেক গাড়ি হয়ে যাওয়ায় আমরা আর গাড়ি নিচ্ছি না। কালিকাপুরের একটি গাড়ি সংস্থার সার্ভিস সেন্টার জানিয়েছে, এদিন সকাল থেকে ৭০টি ব্রেক ডাউন গাড়ি এসেছে। আর বুকিং নেওয়া হচ্ছে না। অন্যদিকে, সায়েন্স সিটির একটি সার্ভিস সেন্টারের তথ্য বলছে, ১০০টি গাড়ি এসেছে টো ভ্যানে। সার্ভিস সেন্টারে আর গাড়ি রাখারই জায়গা নেই। 
সবচেয়ে আশ্চর্যজনক একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক যুবক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, বালিগঞ্জে জমা জলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় কোটি টাকা দামের রোলস-রয়েসের। নীল রঙের বিলাসবহুল গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বুধবার সেই গাড়িটিও সার্ভিস সেন্টারে পাঠান মালিক। ম্যান্ডেভিলা গার্ডেনেও একই ছবি। সুইনহো স্ট্রিটে এক অভিজাত বাঙালির ফ্ল্যাটের বেসমেন্টে ছিল ৭০ লাখি অডি গাড়ি। প্রবল বর্ষণে সেই গাড়ি প্রায় ১০ ফুট জলের তলায় চলে যায়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ