Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেতুতে বন্ধ বাস চলাচল, বিনামূল্যে টোটোর ব্যবস্থা পুরসভা ও বিজেপির

রামকৃষ্ণ সেতুতে বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল। তার জেরে যাত্রীদের হেঁটে ওই সেতু পেরিয়ে আসা যাওয়া করতে হচ্ছিল। অনেকেই হয়রান হচ্ছিলেন।

সেতুতে বন্ধ বাস চলাচল, বিনামূল্যে টোটোর ব্যবস্থা পুরসভা ও বিজেপির
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রামকৃষ্ণ সেতুতে বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল। তার জেরে যাত্রীদের হেঁটে ওই সেতু পেরিয়ে আসা যাওয়া করতে হচ্ছিল। অনেকেই হয়রান হচ্ছিলেন। বৃহস্পতিবার থেকে সেতু পারাপারের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা চালু করল আরামবাগ পুরসভা। একইসঙ্গে বিজেপির তরফেও পৃথক টোটো পরিষেবা চালু হয়েছে। উভয়েরই দাবি, যাত্রী দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়েছে। 

Advertisement

তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় কালীপুর এলাকা থেকে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করেন। চেয়ারম্যান জানান, ১০টি টোটো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা দেবে। আরামবাগ বাসস্ট্যান্ড থেকে রামকৃষ্ণ সেতু হয়ে কালীপুর পর্যন্ত টোটোগুলি চলবে। একইসঙ্গে উল্টো রুটেও চলবে টোটো। 
এদিনই পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষও পল্লিশ্রী থেকে পৃথক টোটো পরিষেবা চালু করেন। তিনি বলেন, যাত্রীদের চলাচলে সুবিধার জন্য আটটি টোটো দেওয়া হয়েছে। কালীপুর থেকে পল্লিশ্রী পর্যন্ত টোটোগুলি চলবে। সেতুর দুই প্রান্তে চারটি করে টোটো বিনামূল্যে যাত্রী বহন করবে। বিনামূল্যে টোটো পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। অনেকেরই এতে সুবিধা হয়েছে। এক যাত্রী শ্যামসুন্দর দাস বলেন, বিনামূল্যে টোটোয় যাতায়াতের ফলে সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু আমরা চাই দ্রুত সেতু মেরামত হোক। এই তৎপরতা যদি বিপর্যয়ের আগে থাকত, তাহলে এই অঘটন ঘটত না। গৌতম মণ্ডল বলেন, নির্মাণ শ্রমিকের কাজ করি। নিত্যদিন সীমিত ভাড়ায় বাসে গোঘাট থেকে আরামবাগে যাতায়াত করি। কালীপুর থেকে বিনামূল্যে টোটো পাওয়ায় কিছুটা সুবিধা হল।
উল্লেখ্য, গত শনিবার মাঝরাতে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। তার জেরে সেতুর উপর ১০ টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। একইসঙ্গে হাইটবারের উচ্চতাও ৩.২ মিটার করা হয়েছে। তার জেরে বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল। বুধবার থেকে যাত্রীদের দুর্ভোগের মধ্যেই সেতু পেরতে হয়েছে। এছাড়া বেঙ্গাই, উচালন হয়ে ঘুরপথে যাতায়াত করতে গিয়েও অনেকে হয়রানির শিকার হচ্ছেন। সময়ও লাগছে বেশি। সেতু বিপর্যয়ের জেরে ট্রাফিক ম্যানেজমেন্ট করতে এদিন বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলার একাধিক পুলিস কর্তা পরিদর্শন করতে আসেন। তাঁরা একলখিতে দ্বারকেশ্বর নদের সেতুও পরিদর্শন করেছেন। 
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন থেকে সেতুর উপরে ফুটপাত দিয়ে হেঁটে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। তবে বিকল্প ফুটপাত তৈরি হবে বলে পূর্তদপ্তর জানিয়েছে। তারসঙ্গে সেতুর নীচে ঝুলে থাকা কংক্রিটের অংশ ভেঙে ফেলতে প্রস্তুতি শুরু করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ