


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভোটের কারণে বাসের আকাল। সেই সুযোগে বেসরকারি বাসের টিকিট নিয়ে চলল কালোবাজারি। ১৮০ টাকা টিকিটের দাম বেড়ে চারশো। এর জেরে বুধবার শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাসে হাঙ্গামা হয়। ভাঙচুর করা হয় এনবিএসটিসি’র কাউন্টার। গুঁড়িয়ে দেওয়া হয় কম্পিউটার। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অবশেষে রাস্তায় অতিরিক্ত বাস নামায় এনবিএসটিসি।
ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, চাহিদা মতো সরকারি বাস না থাকলেও কিছু দালাল বেসরকারি বাসের টিকিট নিয়ে কালোবাজারি করেছে। পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবেই এমন পরিস্থিতি। নিগমের শিলিগুড়ির ডিভিশনাল ম্যানেজার সৌভিক দে বলেন, ভোটের জন্য বাস তুলে নিয়েছে নির্বাচন কমিশন। এতে দৈনিক রুটে বাস কিছুটা কমেছে। এজন্যই উত্তেজিত কিছু মানুষ কাউন্টারে ভাঙচুর চালিয়েছে। প্রধাননগর থানায় অভিযোগ জানানো হবে। তবে, এনবিএসটিসির টিকিট নিয়ে কালোবাজারি হয়নি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক অফিসার বলেন, টার্মিনাসের উপর নজর রাখা হচ্ছে। নিগম অভিযোগ জানালে খতিয়ে দেখা হবে।
এদিন সকাল থেকেই তেনজিং নোরগে বাস টার্মিনাসে উপচে পড়ে যাত্রীদের ভিড়। দুপুরে টার্মিনাসের টিকিট কাউন্টার চত্বরে তিলধারণের জায়গা ছিল না। বাসের অপেক্ষায় বহুক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে চাপতে না পেরে অনেকে ধৈর্য্য হারান। বেলা ১২টা নাগাদ টিকিট দেওয়া সাময়িক বন্ধ রাখেন নিগমের কর্মীরা। এনিয়ে তাঁদের সঙ্গে বসচা বাধে লাইনে থাকা যাত্রীদের। ক্ষিপ্ত হয়ে কয়েকজন কাউন্টারের জানালার কাচ ভেঙে মেঝেয় কম্পিউটার ফেলে দেয়। ক্ষুব্ধ যাত্রীরা বলেন, বাস দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভরে যাচ্ছিল। টিকিট না দিয়ে কাউন্টার বন্ধ করে দেন কর্মীরা। এর প্রতিবাদ করা হয়।
নিগম সূত্রের খবর, নির্বাচন কমিশন ভোটের জন্য প্রচুর বাস তুলে নিয়েছে। এই অবস্থায় এদিন ভোর পৌনে ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত শিলিগুড়ি থেকে কোচবিহার, জলপাইগুড়ি, মাথাভাঙা, দিনহাটা, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ রুটে ১৫টি বাস চালানো হয়। দুপুরে বাসের অভাবে কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয় টিকিট দেওয়া। সেই ক্ষোভেই কিছু লোক তাণ্ডব চালায়। পরে আরও ১০টি বাস রাস্তায় নামানো হয়।
এদিকে, বাসের সংকটের সুযোগ নিয়ে বেসরকারি বাস, ছোট গাড়ি চালকদের একাংশ টিকিটের কালোবাজারি করে। এর জেরে অনেকে ট্রেন ধরার জন্য জংশন স্টেশন ও এনজেপিতে যান। ক্ষুব্ধ যাত্রীরা বলেন, শিলিগুড়ি-কোচবিহার রুটে বেসরকারি এসি বাসের ভাড়া ১৮০-২০০ টাকা। এদিন সেই টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ছোট গাড়ি ফালাকাট পর্যন্ত মাথা পিছু ভাড়া চায় ৮০০-১০০০ টাকা। • তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাসে ভাঙচুর। - নিজস্ব চিত্র।