নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দীর্ঘ ১৪ বছর পর খানাকুলের চব্বিশপুর থেকে বালিপুর হয়ে তারকেশ্বর রুটে বাস চলাচল শুরু হল। তার জেরে স্বস্তি পেলেন ওই এলাকার যাত্রীরা। মঙ্গলবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে বাস যাত্রার সূচনা করেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন খানাকুল-১ বিডিও অদিতি গঙ্গোপাধ্যায়, আরামবাগের এআরটিও দেবাশিস সরকার, বিভিন্ন বাস মালিক সংগঠনের কর্তারা।
এবারের বিধানসভা নির্বাচনের আগে এই রুটে বাস চালানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিমানবাবু। সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করলেন। বিমানবাবু বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর সিন্ডিকেট রাজনীতি করে রুটে ট্রেকার নামিয়েছিল। তর ফলে বন্ধ হয়ে যায় বাস চলাচল। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা যাতায়াত করতেন। এদিন থেকে আপাতত পাঁচটি বেসরকারি বাস যাতায়াত করবে। ট্রেকারগুলিকে বৈধভাবে চলাচল করতে হবে। তারসঙ্গে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করাও নিষেধ।
স্থানীয় বাসিন্দা রামচন্দ্র সামন্ত, রমেশ মালিক বলেন, চব্বিশপুর থেকে তারকেশ্বর রুটে বাস না চলায় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছিল। ট্রেকারে অনেক সময় যাত্রীদের বাদুড়ঝোলা হয়ে যেতে হয়। এমনকি, বেশি ভাড়াও গুনতে হয় যাত্রীদের। বাস চলাচল শুরু হওয়ায় আমরা খুশি।