Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রামরাজাতলা-রাজাবাজার রুটে বাস

লাভজনক রুট হলেও করোনাকালে যাত্রীর অভাবে বন্ধ হয়ে গিয়েছিল এই রুটের মিনিবাস পরিষেবা।

রামরাজাতলা-রাজাবাজার রুটে বাস
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার রামরাজাতলা থেকে কলকাতার রাজাবাজার। লাভজনক রুট হলেও করোনাকালে যাত্রীর অভাবে বন্ধ হয়ে গিয়েছিল এই রুটের মিনিবাস পরিষেবা। গত পাঁচ বছরে এই রুটে আর বাসের চাকা গড়ায়নি। রাজ্য পরিবহণ দপ্তরের তরফে ফের এই রুটে বাস চালু হল। সোমবার লক্ষ্মীপুজোর দিন এই রুটে নতুন ছ’টি বাসের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক অরূপ রায়। শীঘ্রই আরও ছ’টি বাস চালু হবে বলে জানা গিয়েছে।

Advertisement

রামরাজাতলা থেকে শ্যামাশ্রী, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, বড়বাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, শিয়ালদহ হয়ে রাজাবাজার পর্যন্ত যাবে এইচবি-৯ রুটের এই বাস। টানা ২৫ বছর প্রায় ১৫টি বাস এই রুটে নিয়মিত পরিষেবা দিয়েছে। ছেদ পড়ে করোনার সময়। যাত্রীসংখ্যা ক্রমশ কমতে থাকায় এই রুটে বাসের সংখ্যাও কমিয়ে আনেন মালিকরা। একসময় লোকসান থেকে বাঁচতে পুরোপুরিভাবে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হলেও বহু যাত্রী এই রুটে বাস চালু করার দাবি জানিয়েছিলেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাস মালিকরাও ফের বাস চালু করার জন্য দপ্তরকে আবেদন জানান। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই বাসরুটটি ফের চালু করার সিদ্ধান্ত নেয় পরিবহণ দপ্তর। এদিন সকালে হাওড়ার বেলেপোল মোড় থেকে রামরাজাতলা-রাজাবাজার রুটে নতুন ছ’টি বাসের উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। জানা গিয়েছে, কালীপুজোর আগে আরও ছ’টি বাস চালু হবে। সব মিলিয়ে মোট ১২টি বাস এই রুটে নিয়মিত পরিষেবা দেবে। এই রুটের বাস মালিক সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব পাত্র বলেন, ‘অনেক মিনিবাস রুটের মতোই এই রুটটিও বন্ধ হয়ে গিয়েছিল। বাস মালিকরাই শুধু নয়, ড্রাইভার, খালাসি মিলিয়ে বহু পরিবার সংকটের মুখে পড়েন। পরিবহণ দপ্তর উদ্যোগ নেওয়ায় বাস রুটটি বেঁচে গেল।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ