Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতের অন্ধকারে স্কুল ছাত্রীর গায়ে পোড়া মোবিল, হইচই উত্তরপাড়ায়

রাতের অন্ধকারে স্কুল ছাত্রীর গায়ে পোড়া মোবিল, হইচই উত্তরপাড়ায়
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক ছাত্রীর গায়ে গাড়ির পোড়া মোবিল ছুড়ে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে উত্তরপাড়ার শান্তিনগরে এই ঘটনা ঘটেছে। ঐতিহ্যবাহী উত্তরপাড়া শহরে রাতের অন্ধকারে এই ঘটনায় জনমানসে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে। পুলিসের ভূমিকা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। চন্দননগর কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাতেই পুলিসের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। স্থানীয় এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Advertisement

ওই ছাত্রীর উপর হামলার সময় অবশ্য তাঁর গায়ে পোড়া মোবিল দেওয়া হয়েছিল, তখন তা বোঝা যায়নি। কোনও রাসায়নিক ছোড়া হয়েছে ভেবে ওই স্কুল ছাত্রী ও তার এক সহপাঠী আতঙ্কিত হয়ে পড়ে। রাতেই স্থানীয়রা তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। ওই ছাত্রীর কথায়, ‘আতঙ্কের মধ্যে আছি। আমাকে পড়াশোনার জন্য পথে বের হতে হয়। এরপর কীভাবে রাস্তায় বের হব, তা ভাবতে পারছি না।’ ওই ছাত্রীর দাবি, তার সঙ্গে কারও কোনও সমস্যা নেই। সাম্প্রতিককালে সে কোনও বিবাদে জড়ায়নি। ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। তিনি বলেন, আশা করছি পুলিস দ্রুত এই ঘটনার পিছনে থাকা অপরাধীদের চিহ্নিত করতে পারবে। উত্তরপাড়ার নিজস্ব ঐতিহ্য আছে। এখানে শান্তির পরিবেশ আছে। মহিলারা এই শহরে নিরাপদ। এই অবস্থায় শহরের সম্মান নষ্ট করছে যারা, অবিলম্বে তাদের চিহ্নিত করা প্রয়োজন। মহিলাদের সম্মান নিয়ে আপস করা হবে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, এবারই প্রথম নয়। এর আগেও উত্তরপাড়া শহরে মহিলাদের গায়ে রাসায়নিক ছুড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার সমালোচনা করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ। তিনি বলেন, সম্প্রতি রাজ্যে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনা ঘটেছিল। তারপর পুলিস মহিলাদের নিরাপত্তা নিয়ে আচমকা হইচই শুরু করেছিল। উইনার্স টিম সহ একাধিক পদক্ষেপ ফলাও করে প্রচার করা হয়েছিল। সেসব এখন গেল কোথায়? 
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই ছাত্রী পড়তে গিয়েছিল। রাতে শান্তিনগরের একে রোড ধরে সে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় পিছন থেকে কেউ তার গায়ে তরল ভর্তি একটি প্যাকেট ছুড়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় এক যুবক ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে তাড়া করলেও ধরতে পারেননি। রাতে এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হয়ে যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ