Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হুগলির বাসিন্দার ১৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বর্ধমানের যুবক

হুগলির বাসিন্দার ১৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বর্ধমানের যুবক
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: এক ব্যক্তির ১৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ব্যবসার টোপ দিয়ে ঘরে ডেকে এনে হুগলির বাসিন্দার এটিএম কার্ড ও অন্যান্য নথিপত্র কেড়ে নিয়ে অ্যাকাউন্ট থেকে ওই টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ধৃতের নাম স্বরাজ ঘোষ। বর্ধমান থানার চৈত্রপুরে তার বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত বাকিদের হদিশ পেতে এবং টাকা ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করতে ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে তিনদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে তাঁরই এক পরিচিত হুগলির চুঁচুড়া থানার কৈলাশনগর ওলাইচণ্ডীতলার বাসিন্দা প্রীতেশচন্দ্র সাহার সঙ্গে চৈত্রপুরের বাসিন্দা সৌরভ ঘোষের পরিচয় হয়। সে নিজেকে জমি-জমা কেনাবেচা এবং বিভিন্ন আর্থক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে জানায়। প্রীতেশকে আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করার জন্য বলে সৌরভ। বেশ কয়েকবার শক্তিগড় থানার গাংপুরের একটি হোটেল কাম বারে এসে তার সঙ্গে দেখা করেন প্রীতেশ। প্রতিবারই তাঁর সঙ্গে সেই পরিচিত ছিলেন। গত ২ মার্চ তাঁদের মধ্যে ব্যবসা সংক্রান্ত আলোচনা হয়। পরেরদিন দু’জনকে গাংপুরে আসতে বলে সৌরভ। সেইমতো পরের দিন বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা গাংপুর স্টেশনে আসেন। সেখান থেকে তাঁদের গাড়িতে করে সৌরভ তার বাড়িতে নিয়ে যায়। সেখানে বেশকিছু স্ট্যাম্প পেপারে প্রীতেশকে সই করতে বলে সে। সরল বিশ্বাসে তিনি তা করে দেন। এরপর নানাভাবে তাঁকে ভয় দেখানো হয়। ভীতি প্রদর্শন করে তাঁর কাছ থেকে এটিএম, আধার এবং ভোটার কার্ড কেড়ে নেয়। এটিএম কার্ড ব্যবহার করে প্রীতেশের অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষ ৯৬ হাজার টাকা তুলে নেয় সে। মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা সোনার চেন, হাতের সোনার ব্রেসলেট, চারটি আংটি কেড়ে নেয় সৌরভ। ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের করেন প্রীতেশ। তদন্তে নেমে পুলিস অঙ্কুর দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে হেফাজতে নিয়ে ঘটনায় স্বরাজেরও জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিস। সৌরভ অবশ্য এখনও ধরা পড়েনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ