সুখেন্দু পাল, বর্ধমান: মিঠুন চক্রবর্তীকে ডি-লিট দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। দুই প্রফেসর জি পার্থসারথী এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে ডিএসসি ডিগ্রি দেওয়া হবে। তাঁদের তিনজনকেই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি শঙ্কর কুমার নাথ বলেন, ‘মিঠুন চক্রবর্তী বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন। সেই কারণেই তাঁকে ডি-লিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এর আগে সঞ্জীব চট্টোপাধ্যায়, স্বপ্না বর্মণ, মৃণাল সেনের মত বিশিষ্ট ব্যক্তিদের ডি-লিট দেওয়া হয়েছে। এবছর ডিসেম্বর মাসের প্রথম দিকেই সমাবর্তন হওয়ার কথা। ওই দিন সরাসরি মিঠুন চক্রবর্তীর হাতে ডি-লিট তুলে দিতে চাইছে কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে ৯ ডিসেম্বর এই অনুষ্ঠান হতে পারে। রাজ্যপাল, উচ্চশিক্ষামন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। গত বছরের সমাবর্তন অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ উপস্থিত ছিলেন। এক আধিকারিক বলেন, এই বিশ্ববিদ্যালয় এক সয় অনেক এগিয়ে ছিল। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এসেছিল। কিন্তু সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিতর্কে জড়িয়েছে। পরীক্ষা বা ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশ হয় না বলে ছাত্রছাত্রীদের দাবি। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের আসনও ফাঁকা রয়েছে। আধিকারিকদের দাবি, কর্মসংস্থানের আগের মতো সুযোগ না থাকায় প্রথাগত শিক্ষা থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই কারণে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন টেকনিক্যাল বিষয় পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা অন্যালিসিস নিয়ে কোর্স চালু করা হয়েছে। আগামীদিনে আরও কয়েকটি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গিয়েছে, শিক্ষার মান উন্নত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া দেশ এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। সেই ধারা আগামী দিনেও কর্তৃপক্ষ বজায় রাখতে চাইছে। আর এক আধিকারিক বলেন, বিতর্ক দূরে সরিয়ে বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষার জন্যই শিরনামে থাকে সেদিকেই নজর দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আর্থিক তছরূপের ঘটনা হয়েছে। তিন বছর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা তুলে নেওয়া হয়। ওই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও মাস্টামাইন্ডরা অধরা থেকে গিয়েছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। তবে সেসব কিছু পিছনে ফেলে বিশ্ববিদ্যালয় এখন সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। ওই দিন পড়ুয়াদেরও সম্মানিত করা হবে। পাশাপাশি, মিঠুন চক্রবর্তীর উপস্থিতি ও ডি-লিট পাওয়া অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।



