Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান বিশ্ববিদ্যালয়: পোর্টালে আপলোড করা হয়নি তথ্য, স্কলারশিপের টাকা অমিলে ভোগান্তি

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের বহু ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও একই অবস্থা।

বর্ধমান বিশ্ববিদ্যালয়: পোর্টালে আপলোড করা হয়নি তথ্য,  স্কলারশিপের টাকা অমিলে ভোগান্তি
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের বহু ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও একই অবস্থা। নিয়ম অনুযায়ী শিক্ষাদপ্তরের নির্দিষ্ট পোর্টালে ছাত্রছাত্রীদের তথ্য আপলোড করতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সময়ে না করার জন্যই ছাত্রছাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে। সমস্যার কথা জানিয়ে তারা বহুবার ই-মেল করেছে। তারপরও কাজ হয়নি বলে অভিযোগ। সরকার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছে। সেই টাকাতেই অনেকে পড়াশোনার খরচ চালান। সময়সীমা পেরিয়ে গেলে পড়ুয়ারা প্রকল্পের সুবিধা পাবেন না। 

Advertisement

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অনেকেরই তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। টেকনিক্যাল সমস্যার কারণে বেশকিছু ছাত্রছাত্রীর তথ্য আপলোড হয়নি। কিছুদিনের মধ্যে সমস্যা মিটে যাবে। এক ছাত্রী বলেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু পোর্টালে তথ্য না থাকায় সেই সুবিধা পাইনি। স্কলারশিপের টাকা পাওয়া না গেলে সমস্যায় পড়ব। সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের এক ছাত্র বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পোর্টালে তথ্য আপলোড করা হয়নি। স্কলারশিপের টাকা না পাওয়া গেলে পড়াশোনার খরচ চালাতে অসুবিধা হবে। স্কলারশিপের জন্য পোর্টালে আবেদন করলেই ‘নো ডিটেলস ফাউন্ড’ লেখা আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য যাচাই করেই স্কলারশিপের টাকা দেওয়া হয়। 
বিশ্ববিদ্যালয়ের আর এক আধিকারিক বলেন, ছাত্রছাত্রীরা সমস্যার কথা জানিয়ে প্রতিদিনই মেল করছেন। তথ্য আপলোড করার জন্য নির্দিষ্ট কয়েকজনকে দায়িত্ব দেওয়া রয়েছে। তারপরও কেন তাঁরা সময়ে তথ্য আপলোড করছেন না সেটা বোঝা যাচ্ছে না। 
বিজেপি নেতা মৃত্যুজ্ঞয় চন্দ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শোনা যাচ্ছে। কারও গাফিলতির জন্য ছাত্রছাত্রীরা সমস্যায় পড়লে ব্যবস্থা নেওয়া দরকার। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। পড়ুয়াদের সুবিধার জন্যই স্কলারশিপ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর এক আধিকারিক বলেন, আশা করা যায় কিছুদিনের মধ্যে পড়ুয়াদের তথ্য পোর্টালে আপলোড হয়ে যাবে। যেসব ছাত্রছাত্রী আবেদন করেছেন তাঁদের বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের অধীনে বীরভূম, বর্ধমান এবং হুগলির কিছু কলেজ রয়েছে। প্রায় সব কলেজের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন। কারও কারও অবশ্য স্কলারশিপ পেতে সমস্যা হচ্ছে না। তাদের তথ্য আগেই আপলোড করা হয়েছে। প্রয়োজনে কর্তৃপক্ষ তথ্য আপলোডের জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করবে। কিন্তু এই পরিস্থিতির জেরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ব্যাপক ভোগান্তিতে পড়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ