নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ইউরোপের সার্বিয়া থেকে ব্রোঞ্জ পদক জিতে ফিরল বর্ধমানের মেয়ে ইধা চক্রবর্তী। অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড স্কুল কমব্যাট প্রতিযোগিতায় সে বাংলা থেকে একমাত্র প্রতিনিধি ছিল। ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার মাধ্যমে সে নির্বাচিত হয়। আগামী দিনে শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান স্কুল গেমস অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেও বর্ধমানের জিটি রোডের বাসিন্দা ইধা অংশগ্রহণ করবে।
ইধার বাবা শাশ্বত চক্রবর্তী বলেন, ৪-১৪ এপ্রিল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনেকগুলি ইভেন্টের মধ্যে ক্যারাটেও ছিল। ৫০০-৫৫০ প্রতিযোগী ক্যারাটেতে অংশগ্রহণ করেছিল। চীন, আমেরিকার মতো ৫৫টি দেশ অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে সে সাফল্য ছিনিয়ে এনেছে।
ইধা অষ্টম শ্রেণির ছাত্রী। পাঁচ বছর বয়স থেকে সে প্রশিক্ষণ নিচ্ছে। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় সে পুরস্কার জিতেছে। ইধা বলে, আগামী দিনে আমার উদ্দেশ্য ভিনদেশে প্রতিটি প্রতিযোগিতা থেকে পুরস্কার আনা। তারজন্য আরও বেশি করে প্রশিক্ষণ নেব। পরিশ্রম করতেও রাজি। ইধার সাফল্যে খুশি শহরের বাসিন্দারা। আগামী দিনেও সে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পাবে বলে আশাবাদী সকলে।-নিজস্ব চিত্র