নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সিবিএসই বোর্ডের পরীক্ষায় নজর কাড়ল বর্ধমান মডেল স্কুল। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় আর্টস বিভাগ নিয়ে পড়াশোনা করেও যে অভাবনীয় ফলাফল করা যায়, তা প্রমাণ করেছেন এই স্কুলের পড়ুয়া নিশাত পারভিন। তিনি ৯৬.২০ শতাংশ নম্বর পেয়েছেন। এই স্কুলের ১৫জন পড়ুয়া দ্বাদশ শ্রেণিতে ৯০শতাংশের বেশি নম্বর পেয়েছেন। ৮০-৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৬১জন পড়ুয়া। ৭০-৭৯শতাংশ নম্বর পেয়েছেন ৭১জন। ৬০-৬৯ শতাংশ নম্বর পেয়ে ৫৯জন পাশ করেছেন।
দশম শ্রেণির পরীক্ষাতেও এই স্কুলের পড়ুয়ারা নজরকাড়া ফলাফল করেছে। ৯৮.৬০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছে অগ্নিভ ঘোষ। এই পরীক্ষায় ১৮জন ৯০শতাংশের বেশি নম্বর পেয়েছে। ২৯জন ৮০-৮৯ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২৫জন ৭০-৭৯ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে।
বর্ধমান মডেল স্কুলের প্রিন্সিপাল বিপিনবিহারী সিং বলেন, আমাদের স্কুলের পড়ুয়ারা সবসময় এগিয়ে থাকে। অনেকের ধারণা, আর্টস নিয়ে পড়াশোনা করলে ভালো ফল করা যায় না। সেটা আমাদের স্কুলের পড়ুয়ারা ভুল প্রমাণ করে দিয়েছে। আর্টস নিয়ে পড়াশোনা করার পরেও প্রতিষ্ঠিত হওয়া যায়। বিভিন্ন সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, ভালো ফলাফল যাতে হয় তারজন্য আমরা সবসময় ছাত্রছাত্রীদের উপর নজর রাখি। কারও কোনও বিষয়ে সমস্যা হলে তৎক্ষণাৎ শিক্ষক-শিক্ষিকারা এগিয়ে আসেন। আগামী দিনেও আমাদের স্কুল এই সাফল্য ধরে রাখবে। আরও ভালো ফলাফলের দিকেও নজর দেওয়া হবে।