Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান হাসপাতাল চত্বর, ভোগান্তির শিকার রোগী ও পরিজনরা

বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান হাসপাতাল চত্বর, ভোগান্তির শিকার রোগী ও পরিজনরা
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। হাসপাতালের ভিতর ও বাইরে জল জমে সমস্যায় পড়েছেন রোগী ও পরিজন থেকে শুরু করে সাধারণ মানুষজনও। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় এক হাঁটু জল জমেছে। খোসবাগান থেকে হাসপাতালে আসার রাস্তা বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায়। হাঁটুজল পেরিয়েই হাসপাতালে ঢুকতে হয় রোগী, পরিজন, এমনকী রোগী নিয়ে আসা গাড়ি, আম্বুলেন্স এবং টোটোকে। ভুক্তভোগীদের দাবি, রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় ভোগান্তির শেষ নেই। 

Advertisement

রাস্তায় জমা হাঁটুজল পেরিয়ে এসেও নিস্তার নেই। বর্ধমান হাসপাতালের ভিতরে থাকা নিকাশি নালাগুলি সঠিকভাবে সংস্কার না হওয়ায় সেখানেও জমেছে জল। জরুরি বিভাগ থেকে বহির্বিভাগ আসার রাস্তায় জল জমে হাসপাতালে আসা মানুষজনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। মানসিক বিভাগের সামনে নর্দমা উপচে জল  রাস্তায় জমছে। সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ছেন রোগী ও পরিজনরা। জল জমেছে হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্ক এবং পুরনো রাধারানি ওয়ার্ডের সামনেও। শিশু বিভাগের নীচে থাকা এক্স-রে এবং এমআরআই বিভাগের সামনেও এদিন সকালের বৃষ্টিতে জল জমে গিয়ে নাকাল হতে হয় হাসপাতালে আসা মানুষজনকে। রোগীর আত্মীয় অশোক বাগদি বলেন, নর্দমা ও বাথরুমের জল উপচে গোটা হাসপাতাল চত্বরে তীব্র দুর্গন্ধ বেরচ্ছে। নাকে রুমাল চাপা দিয়ে সেই জল পেরিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। আর এক রোগীর আত্মীয় ময়ুরী সেন বলেন, জল জমে আছে বলে হাসপাতালে ঢোকার আগের রাস্তায় টোটো আসতে চাইল না। ছোট মেয়েকে নিয়ে তাই জমা জল পেরিয়ে আসতে হল। হাসপাতালের ভিতরে এসেও দেখি একই অবস্থা। সেখানেও নিকাশি নালাগুলি উপচে হাসপাতালের ভিতরের রাস্তাগুলিতে জল জমে রয়েছে। দুর্গন্ধে যাওয়া যাচ্ছে না। কিন্তু, উপায় নেই। সেই নোংরা জল পেরিয়ে যেতে হল। বাবুরবাগে মেডিক্যাল কলেজের ১নম্বর গেটে বড় বড় গর্ত হয়ে রয়েছে। উল্টে পড়ছে টোটো, সাইকেল। অ্যাম্বুলেন্স চলাচলেও ব্যাপক সমস্যা হচ্ছে। তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন সকলে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, হাসপাতালে বাইরে জল জমে থাকার কারণে ভিতরের জল বাইরে বেরতে পারছে না। ফলে হাসপাতালের ভিতরে জল জমে যাচ্ছে। তবে সেটা সাময়িক। জল কিছুক্ষণ পর নেমে যাচ্ছে। পুরসভাকে হাসপাতালের বাইরের জল জমা নিয়ে মৌখিকভাবে বলা হয়েছে। এনিয়ে পুরসভা জানিয়েছে, শ্যামসায়র সৌন্দর্যায়নের কাজ চলছে। সেকারণে রাস্তায় জল জমছে। ওই কাজ শেষ হয়ে গেলে কোনও সমস্যা থাকবে না। আপাতত, একটি বিকল্প নালা বের করে জল নিকাশির চিন্তাভাবনা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ