মুম্বই, ২৭ এপ্রিল: আজ, রবিবার ওয়াংখেড়েতে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসদের ৫৪ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন সূর্যকুমারদের তোলা ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পন্থ ব্রিগেড। দলের ১৮ রানের মাথায় আইডেন ৯ রান করে আউট হন। স্টার প্লেয়ার পুরান ২৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান। লখনউ অধিনায়ক ঋষভ পন্থ করেন মাত্র ৪ রান। কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন মিচেল মার্শ (৩৪), আয়ুশ বাদোনিরা (৩৫)। বাকিদের অধিকাংশেরই রান ২ অঙ্ক পেরোয়নি। বুমরাহের ঝোড়ো বোলিংয়ের সামনে কার্যত তছনছ হয়ে যায় লখনউ টিম। বুমবুম একাই নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট পান জ্যাকস এবং বোল্ট পান ৩টি। করবিনের ঝুলিতে আসে একটি উইকেট।
আজ দুপুর ৩টের সময় হয় টস। তাতে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। শুরুটা খুব একটা ভাল হয়নি মুম্বইয়ের। দলের ৩৩ রানে মাথায় মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। তবে কিপার রিকেলটন দলের হাল ধরেন। করেন ৫৮ রান। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিলক ভার্মা (৬) এবং অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ারা। সূর্যকুমার ২৮ বলে ৫৪ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। তার সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ২১৫ করে মুম্বই। ২টি করে উইকেট নেন লখনউয়ের আবেশ খান এবং মায়াঙ্ক যাদবরা।



